অজ্ঞান পার্টির খপ্পরে ৪ যাত্রী, সিরাজগঞ্জে অচেতন অবস্থায় উদ্ধার
ঢাকা থেকে ট্রাকে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন উত্তরাঞ্চলের চার যাত্রী। সব কিছু কেড়ে নিয়ে তাদের মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়।
শনিবার সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, উপজেলার ভূইয়াগাতি সেতুর পাশ থেকে অচেতন অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়। এরপর তাদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
যাত্রীরা হলেন, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আইজুদ্দিনের ছেলে শাহজামাল (৩৬), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর গ্রামের আজাদ ব্যাপারীর ছেলে আতাউর রহমান (৪০), জয়পুরহাট সদর উপজেলার আব্দুল হাকিমের ছেলে কাইয়ুম (২৮)। একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
ওসি ইসমাইল বলেন, “কিছুটা চেতনা ফিরলে অসুস্থ একজন জানান, তাদের বহনকারী ট্রাকটি টাঙ্গাইল এলাকায় পৌঁছলে ট্রাকে থাকা একজন তাদের খেজুর খেতে দেন। ধারণা করা হচ্ছে, ওই খেজুর খেয়েই তারা অচেতন হয়ে পড়েন।
“এরপর তাদের কাছে থাকা সব কিছু নিয়ে ভোরে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।”
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সামিউল ইসলাম রনি বলেন, “এ ধরনের রোগীদের সাধারণত ২৪ ঘণ্টা পর জ্ঞান ফিরে আসে। স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। আশা করছি রোববার তারা বাড়ি যেতে পারবেন।”
তথ্যসূত্র: বিডিনিউজ