শনিবার ইদুল ফিতর
শনিবার (২১ মার্চ) সারা দেশে মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ইদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের আকাশে কোথাও হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। পবিত্র ইদুল ফিতরের তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (১৮ মার্চ) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যেও হিজরি ১৪৪৭ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার রমজান মাস ৩০ দিন পূরণ হচ্ছে সেখানে। সে হিসেবে শুক্রবার (২০ মার্চ) দেশটিতে ইদুল ফিতর উদযাপিত হবে।
তুরস্ক ও সিঙ্গাপুর গতানুগতিক চাঁদ দেখার ওপর নির্ভর না করে জ্যোতির্বিজ্ঞানের গণনার ভিত্তিতে দেশ দুটি পৃথক দুই দিনে ইদ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
তুরস্কের কর্তৃপক্ষ ঘোষণা অনুযায়ী দেশটিতে ২০ মার্চ (শুক্রবার) ইদুল ফিতর পালিত হবে। জ্যোতির্বিজ্ঞানের গণনা অনুযায়ী, বৃহস্পতিবার তুরস্ক ও এর আশপাশের অঞ্চল থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ভিত্তিতেই শুক্রবার ইদের দিন ধার্য করা হয়েছে।
অন্যদিকে, সিঙ্গাপুর নিশ্চিত করেছে যে, দেশটিতে ইদুল ফিতর উদযাপিত হবে আগামী ২১ মার্চ (শনিবার)। জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে চাঁদ দেখা সম্ভব হবে না।
দেশের মুসলিম সম্প্রদায়ের লোকেরা মুখিয়ে আছে ইদ-উৎসবে সামিল হতে। স্বাভাবিকভাবেই ইদ-উৎসবকে স্বাগত জানাতে সামর্থ অনুযায়ী শেষ পর্যায়ের কেনাকাটা চলছে। বিপনি-বিতানগুলোতে তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ইদগাগুলো প্রস্তুত করা হয়েছে বা হচ্ছে। ইদগাহে মুসলিমরা বুকে বুকে মিলবে আর সৌহার্দ- সম্প্রীতর বার্তা ছড়িয়ে দিবে।
এক মাস সিয়াম সাধনার পর ইদ উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। এটি মুসলমানদের উৎসব হলেও এর তাৎপর্যÑ সর্বস্তরের মানুষের মহামিলন। এই মিলন সম্প্রীতি ও শান্তির, ভ্রাতৃত্বের। সম্পীতি, শান্তি, ভ্রাতৃত্ব-বন্ধনে উৎসবমুখর ইদ তাৎপর্যময় হয়ে উঠবে।
রমজান মাস সংযমের। মহান আল্লাহর সন্তুষ্টি ও কৃপা লাভের মধ্য দিয়ে বিগত জীবনের পাপরাশি থেকে পরিত্রাণ পাওয়ার আশায় রোজা পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। কোরআন পাঠ করেছেন, দান খয়রাত করেছেন, মগ্ন থেকেছেন বেশি বেশি ইবাদত-বন্দেগিতে। মাসব্যাপি এই সিয়াম সাধনার পরিসমাপ্তি ঘটবে ইদে-আনন্দ অনুভবের মধ্য দিয়ে।
এদিকে চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে বিবেচনায় ধরে তুরস্ক ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ আগেই ইদুল ফিতরের তারিখ ঘোষণা করে।
তুরস্ক জানায়, শুক্রবার সে দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর জানায়, সেদেশে ইদুল ফিতর উদযাপিত হবে শনিবার।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন বাংলাদেশে ইদুল ফিতর উদযাপিত হয়ে থাকে। তবে শাওয়ালের চাঁদ দেখা দেখা সাপেক্ষে একই দিনও ইদ উদযাপিত হয়ে থাকতে পারে।