রবিবার, জুন ২১, ২০২৬

জলমহাল ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের বিষয়ে সরকার সতর্ক: ভূমিমন্ত্রী

সোনার দেশ ডেস্ক ০৪ এপ্রিল ২০২৬ ১০:০৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৪ এপ্রিল ২০২৬ ১০:০৭ অপরাহ্ন
জলমহাল ব্যবস্থাপনায় মধ্যস্বত্বভোগীদের বিষয়ে সরকার সতর্ক: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

জলমহাল ব্যবস্থাপনার ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের বিষয়ে সরকার সতর্ক রয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।


তিনি বলেন, যারা দীর্ঘ ১৭ বছর ধরে মৎস্যজীবীদের শোষণ করে অবৈধভাবে ভূমির মালিকানা নিয়েছেন, তাদের আর সুযোগ দেওয়া হবে না।


শনিবার (৪ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে ‘সরকারি জলমহাল আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্তকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ কথা বলেন।


ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মৎস্যজীবী ও কৃষকদের অধিকার রক্ষায় সোচ্চার।


প্রকৃত মৎস্যজীবীদের মূল্যায়ন করে জলমহাল ইজারার পাশাপাশি মৎস্য সম্পদের উৎপাদন বৃদ্ধি এবং কৃষির অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।


অতিবৃষ্টিতে হাওরাঞ্চলে জলাবদ্ধতা থেকে ফসলি জমি রক্ষায় সরকারের নানা উদ্যোগের কথাও তুলে ধরেন ভূমিমন্ত্রী।


তিনি আরও বলেন, কোনো উগ্রবাদী গোষ্ঠী যেন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে দেশপ্রেমিক নাগরিকদের সতর্ক থাকতে হবে।


ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকটের প্রভাব যাতে হাওর অঞ্চলের ধান উৎপাদনে না পড়ে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন ভূমিমন্ত্রী।


কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।


এ ছাড়া উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দীন নাগরী, সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং সিলেট বিভাগের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।


তথ্যসূত্র: বাংলানিউজ