শনিবার, আগস্ট ২২, ২০২৬

ইজিবাইক-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩

সোনার দেশ ডেস্ক ০৪ জুন ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ০৪ জুন ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন
ইজিবাইক-ট্রাক সংঘর্ষে শিশুসহ নিহত ৩
সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় লোকজন। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনী উপজেলার অলিনগর এলাকায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনায় আরও দুজন আহত হন।


নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের আলাউদ্দিনের ছেলে ইজিবাইকচালক আরিফ হোসেন (৪৫), একই গ্রামের মাহিনের মেয়ে আফরিন (১) এবং যশোর শহরের সজিব হোসেনের ছেলে আবরার হোসেন। আহত মাহিন ও তাঁর স্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয়দের বরাতে বামন্দী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. লিয়াকত জানান, ইজিবাইকটি মটমুড়া গ্রাম থেকে মেহেরপুরের উত্তর শালিকা গ্রামে যাওয়ার পথে গাংনীর অলিনগর এলাকায় পৌঁছালে গাংনী এলাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। পরে আহত পাঁচজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বামন্দী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজগর আলী।


গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, ট্রাকচালক পালিয়ে গেছেন। ইজিবাইক ও ট্রাক জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


গাজীপুরে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়রা এলাকার হামেদ প্রমাণিকের ছেলে সুজন (৩৮)। তবে অপরজনের পরিচয় জানা যায়নি।


পুলিশ জানায়, ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাস অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি মহাসড়কে দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা দুই যাত্রী গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।


গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


তথ্যসূত্র: আজকের পত্রিকা অনলাইন