বদলগাছী মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা
নওগাঁর বদলগাছীকে মাদকের ভয়াল থাবা থেকে মুক্ত করে একটি নিরাপদ, সুস্থ ও অপরাধমুক্ত জনপদে পরিণত করার প্রত্যয়ে ব্যাপক জনসম্পৃক্ততার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা। পুলিশ, প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগে ‘মাদকমুক্ত বদলগাছী থানা’ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
শনিবার (৪ জুলাই) দুপুর ১২ টায় বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে বদলগাছী থানা পুলিশের আয়োজনে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মোঃ ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: হারুন অর রশিদ।
প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়; প্রয়োজনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগই পারে মাদকামুক্ত সমাজ গড়ে তুলতে। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার) পিএইচডি বলেন, "মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না; এটি একটি জাতির ভবিষ্যৎকে বিপন্ন করে। তাই মাদকের বিরুদ্ধে অভিযান যেমন চলবে, তেমনি সচেতনতা ও সামাজিক প্রতিরোধও আরও শক্তিশালী করতে হবে।" রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ হারুন বলেন, "সরকারের 'জিরো টলারেন্স' নীতির আলোকে মাদকের বিরুদ্ধে কাজ করছে প্রশাসন। সেই সাথে পুলিশ এবং জনতা, রাজনৈতিক ব্যক্তি ও জনপ্রতিনিধিগন একসাথে কাজ করলে মাদক নিয়ন্ত্রণ সম্ভব।”
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, "বাংলাদেশ পুলিশের অবস্থান মাদকের বিরুদ্ধে সম্পূর্ণ আপসহীন। বদলগাছী থানার প্রতিটি ইউনিয়ন ও গ্রামে মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলবে। কোনো মাদক কারবারি কিংবা তাদের পৃষ্ঠপোষকের জন্য কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়েই একটি নিরাপদ ও মাদকমুক্ত বদলগাছী থানা গড়ে তোলা হবে।"
এসময় নওগাঁর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিডি মোঃ আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সাংবাদিক এমদাদুল হক দুলু সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।