ঈশ্বরদীর শতাধিক শিশু শিক্ষার্থীকে প্রাথমিক বৃত্তি প্রদান
পাবনার ঈশ্বরদীতে শতাধিক শিশু শিক্ষার্থীকে প্রাথমিক বৃত্তি প্রদান উপলক্ষে কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) উপজেলার পাকশী রেলওয়ে হাসেম আলী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে উপজেলার বিভিন্ন স্কুলের প্রথম থেকে ৪র্থ শ্রেণির এসব মেধাবী শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তির নগদ অর্থ, ক্রেষ্ট, ফুল ও সনদপত্র প্রদান করা হয়। ঈশ্বরদী আন্ত: উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন দিনব্যাপী এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ে ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোস্তফা ইমরুল কায়েস পারভেজ।
ফুলকলি কিন্ডারগার্টেন এর পরিচালক আরজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন ঈশ্বরদী আন্ত: উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মো. মজিবুর রহমান মাষ্টার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বর্ণকলি বিদ্যাসদনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মনিরুল ইসলাম বাবু, ঈশ্বরদী প্রেসক্লাবের সহসভাপতি সেলিম সরদার, সাধারণ সম্পাদক শেখ মেহেদী হাসান। শিক্ষক আতিকুর রহমান বাবলু ও সেলিম রেজার সঞ্চালনায় এতে আরো বক্তব্য দেন প্রধান শিক্ষক মিতা বিশ্বাস, লাবনী ইয়াসমীন, মেরিনা খাতুন, তোফায়েল আহমেদ, ইয়াছমিন আক্তার ইনা, সোমা আক্তার, জুয়েল রানা, আনিসুর রহমান বাপ্পি প্রমুখ।
দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিশু শিক্ষার্থীরা ছাড়াও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘কলের গান’ ও কণ্ঠ শিল্পী মানিক মন্ডল সঙ্গীত পরিবেশন করে। এর আগে বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করে। শিশুদের এ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানে শতাধিক অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও সূধীজন উপস্থিত ছিলেন।