ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র বাবলু আর নেই
তৎকালীন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলা মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পাওয়া পাবনার ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু (৬৭) বুকে ব্যাথা ও শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ্য হয়ে শনিবার (৪ জুলাই) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। গতকাল রাতে ঈশ্বরদী লোকো ফুটবল মাঠে জানাজা শেষে ঈশ্বরদী কেন্দ্রীয় কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়েছে। মকলেছুর রহমান বাবলু ঈশ্বরদী পৌরসভায় ৩ বার মেয়র নির্বাচিত হন। তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, ভুমিমন্ত্রী মিজানুর রহমান মিনু ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব শোক প্রকাশ করেছেন।