জম্মু ও কাশ্মীরে নিহত দুই জঙ্গি!
জঙ্গিদমন অভিযানে ফের সাফল্য এল জম্মু ও কাশ্মীরে। জম্মুর উধমপুর জেলায় দুই সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। বুধবার গভীর রাতে উধমপুরের সোহান এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। তাতেই মৃত্যু হয় দুই সন্দেহভাজনের। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হয়নি। তবে প্রাথমিক ভাবে তাঁদের পাকিস্তান-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-এ-মহম্মদের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।
উধমপুরের পাহাড়ি জঙ্গলে জঙ্গিদের গতিবিধির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। সেই সূত্র ধরেই বুধবার বেশি রাতের দিকে শুরু হয় অভিযান। রাষ্ট্রীয় রাইফেল্স, প্যারা (স্পেশাল ফোর্স) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথ ভাবে ওই অভিযান চালায়। জঙ্গলে জওয়ানদের দেখেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালান জওয়ানেরা। দীর্ঘ সময় ধরে চলে গুলির লড়াই। সংঘর্ষ থামার পরে বৃহস্পতিবার ভোরের দিকে ওই পাহাড়ি জঙ্গলে জঙ্গিদের দেহ পড়ে থাকতে দেখেন জওয়ানেরা। পাশেই পড়ে ছিল জঙ্গিদের অস্ত্রশস্ত্রও।
জম্মু ও কাশ্মীরে লুকিয়ে থাকা জঙ্গিদের বিরুদ্ধে গত কয়েক দিন ধরে ধারাবাহিক অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। ‘চলতি মাসের গোড়াতেই কাশ্মীরের বুদগাঁও জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন ইয়াসির নামে লশকর-এ-ত্যায়বার এক জঙ্গিনেতা। তিনি লশকরের সুলেমান মুসা গোষ্ঠীর কমান্ডার। যদিও সূত্রের খবর, এক বছর আগেই লশকর থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা ভাবে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছিলেন তিনি। ওই জঙ্গিনেতার মৃত্যুর পর বাকি জঙ্গিদের উদ্দেশেও হুঁশিয়ারি দেয় জম্মু ও কাশ্মীর পুলিশ। জানিয়ে দেয়, লুকিয়ে থেকে কেউ পার পাবে না।
গত কয়েক দিন ধরে পুঞ্চ এবং উধমপুরের বেশ কিছু জায়গায় জঙ্গিযোগের সূত্র ধরে তল্লাশি চালায় জম্মু ও কাশ্মীরের তদন্তকারী সংস্থা এসআইএ। গত মঙ্গলবারও উধমপুরে সন্দেহজনক গতিবিধির খবর পাওয়া গিয়েছিল। সেখানে মাজালটায় ব্রেত্তল-খুব্বন এলাকার পাহাড়ি জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে গোপন সূত্রে খবর পায় নিরাপত্তা বাহিনী। সেই সূত্র ধরে উধমপুরের মাজালটা এলাকায় যৌথ অভিযান চালায় ভারতীয় সেনা, কেন্দ্রীয় আধাসেনা বাহিনী (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। কিন্তু প্রকাশিত রিপোর্ট অনুযায়ী তখন কোনও সন্দেহভাজনকে পাওয়া যায়নি। তার এক দিন পরে সেই উধমপুরেই জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেল ভারতীয় বাহিনী।
তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন