বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

হুথিদের সঙ্গে গোপন বৈঠকের পর সৌদিকে সমর্থন না করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

সোনার দেশ ডেস্ক ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৮ অপরাহ্ন
হুথিদের সঙ্গে গোপন বৈঠকের পর সৌদিকে সমর্থন না করার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের
হুথি যোদ্ধারা মোখা শহরে যুদ্ধ করছে

ওমানের মাস্কাটে অবস্থিত মার্কিন দূতাবাসে শনিবার মার্কিন কর্মকর্তারা হুথি নেতাদের সাথে বৈঠক করেছেন। এই বৈঠকের জের ধরেই যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে, ইয়েমেনের অভ্যন্তরে হুথিদের অগ্রযাত্রা রুখতে সৌদি আরবকে সহায়তা করার জন্য তারা কোনো সামরিক হস্তক্ষেপ করবে না। বৃহস্পতিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।


ইরান সমর্থিত হুথিরা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে, উভয় পক্ষের মধ্যে ২০২৫ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিটি এখনো কার্যকর রয়েছে এবং লোহিত সাগরে মার্কিন জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর কোনো অভিপ্রায় তাদের নেই। হুথিরা স্পষ্ট করেছে যে, ইয়েমেনে অবরোধ আরোপের কারণে কেবল সৌদি সংশ্লিষ্ট জাহাজগুলোকেই তারা তাদের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে।


এই বৈঠকের বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের সেই সিদ্ধান্তের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে সহায়তা করে—যেখানে তিনি বাব আল-মান্দেব প্রণালি দিয়ে নৌ-চলাচলের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে ইয়েমেনের পশ্চিম উপকূল ধরে হুথিদের অগ্রযাত্রার নিন্দা জানিয়েছেন, অথচ রিয়াদের সমর্থনে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। 


২০২৫ সালের মার্চ মাসে যুক্তরাষ্ট্র হুথিদের একটি বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছিল; তবে সাম্প্রতিক সময়ে মার্কিন কর্মকর্তারা হামাস, হিজবুল্লাহ ও ইরানের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সোমবার নিশ্চিত করেছেন, হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ রয়েছে।


সরাসরি সংঘাতে জড়াতে যুক্তরাষ্ট্রের অস্বীকৃতির ফলে সৌদি আরবের ওপর চাপ সৃষ্টি হয়েছে। এর ফলে তাদের সামনে দুটি পথ খোলা রয়েছে: হয় ইয়েমেনের ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে হুথিদের সঙ্গে কোনো কূটনৈতিক সমাধানে পৌঁছানো, অথবা হুথিদের পিছু হটতে বাধ্য করার লক্ষ্যে পাকিস্তান ও তুরস্ককে নিয়ে একটি আঞ্চলিক জোট গঠনের চেষ্টা করা। গত সপ্তাহে এক ঝটিকা অভিযানের মাধ্যমে হুথিরা লোহিত সাগরের উপকূলবর্তী পশ্চিম ইয়েমেনের বিশাল এলাকার নিয়ন্ত্রণ নিজেদের দখলে নিয়েছে।


মধ্যপ্রাচ্যে হুথিদের বিরুদ্ধে জনসমর্থন গড়ে তোলার লক্ষ্যে রিয়াদ একটি বিতর্কিত দাবি করেছিল, মঙ্গলবার হুথিরা পবিত্র নগরী মক্কার উদ্দেশ্যে একটি ড্রোন নিক্ষেপ করেছিল, তবে সৌদি প্রতিরক্ষা বাহিনী সেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে দেয়। সৌদি কর্তৃপক্ষের ভাষ্যমতে, ড্রোনটি মক্কার অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থানগুলোর কাছাকাছি একটি নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করছিল। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ড্রোনটিকে মাঝপথেই প্রতিহত করা হয়।


হুথি নেতৃত্ব—যারা শিয়া জায়দি মতবাদের অনুসারী এবং মক্কায় হজ পালনের বিষয়টিকে শ্রদ্ধার চোখে দেখে—এই দাবিকে ‘শতাব্দির সেরা মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে। তারা বলেছে, এ ধরনের পুরোনো ও ভিত্তিহীন মিথ্যা আগেও ব্যবহার করা হয়েছে, যা কাউকে বিভ্রান্ত করতে পারেনি।


হুথি উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্দুল ওয়াহিদ আবু রাস বলেছেন, “যিনি পবিত্র দুই মসজিদের ভূমিকে অনৈতিক কার্যকলাপ ও বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং যিনি সেখানে জায়নবাদী ইহুদিদের উপস্থিতির মাধ্যমে এই পবিত্র ভূমিকে কলঙ্কিত করেছেন—তিনিই মক্কা, মদিনা ও ইসলামের পবিত্র স্থানগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছেন।”


তথ্যসূত্র: রাইজিংবিডি