নগরীতে চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বেলপুকুর, বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে বেলপুকুর থানা পুলিশ ভড়ুয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের সাদেকের ছেলে আশাদুল (২৭)-কে গ্রেপ্তার করে। এসময় আসামি আশাদুলের হেফাজত থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি আশাদুলের বিরুদ্ধে বেলপুকুর থানায় ৩টি মাদক মামলা রয়েছে।
অপরদিকে, বোয়ালিয়া থানা পুলিশ ২০ অক্টোবর রাত আনুমানিক পৌনে ১১টার দিকে খরবোনা নদীর ধার রমনা পট্টি এলাকায় অভিযান চালিয়ে খরবোনা নদীর ধার (বাজে কাজলা) গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে রনি (৩৬) এবং মিনালের ছেলে সেন্টু (৩১)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাছাড়াও রাজপাড়া থানা পুলিশ ২১ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে সিটি বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে হেতেমখাঁ লিচুবাগান গ্রামের আইনুল ইসলামের ছেলে বর্তমানে নতুন বিলসিমালা বন্ধগেট গ্রামে বসবাসরত ওয়াজাতুল্লাহ ওয়াস্তি (২৬)-কে গ্রেপ্তার করে। এসময় ওয়াস্তির হেফাজত থেকে ৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।