শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

চেসি ত্রিপুরার মৃত্যুতে পিসিপি রাবি শাখার শোক

রাবি প্রতিবেক, ২৩ অক্টোবর ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেক, ২৩ অক্টোবর ২০২৬ ১১:৫৮ পূর্বাহ্ন
চেসি ত্রিপুরার মৃত্যুতে পিসিপি রাবি শাখার শোক

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) বিশ্ববিদ্যালয় শাখা। শুক্রবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি উজানী চাকমা ও সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা শোক প্রকাশ করেন।


‎বিবৃতিতে বলা হয়, গত ১৯ অক্টোবর রাজশাহীর বাঘমারায় দুর্গাপূজার অনুষ্ঠান থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন চেসি ত্রিপুরা। চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৭ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


‎চেসি ত্রিপুরার মৃত্যুতে তাঁর পরিবার, বন্ধু, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা শোকাহত হয়েছেন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, তাঁর অকালমৃত্যুতে পাহাড়ি জনগোষ্ঠী একজন সম্ভাবনাময় মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছে। একই সঙ্গে পিসিপি হারিয়েছে একজন শুভাকাঙ্ক্ষী ও একনিষ্ঠ সমর্থককে।


‎বিবৃতিতে আরও বলা হয়, চেসি ত্রিপুরার মৃত্যু দেশের সড়ক ব্যবস্থাপনার দুরবস্থা ও যানবাহনের বেপরোয়া চলাচলের চিত্র তুলে ধরে। চালকদের অসাবধানতা ও বেপরোয়া মনোভাবের কারণে দেশে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে। এ মৃত্যুর দায় রাষ্ট্র এড়াতে পারে না বলে মন্তব্য করেন সংগঠনের নেতারা।


‎বিবৃতিতে চেসি ত্রিপুরার মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট মালবাহী ট্রাকের চালকসহ জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানানো হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থারও দাবি জানান তাঁরা।


‎চেসি ত্রিপুরার জীবন বাঁচাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান পিসিপির নেতারা। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তাঁরা।