বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬

মোহনপুরে ২৫ যুবকের ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শেষ, সনদ ও সরঞ্জাম বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি ০৪ নভেম্বর ২০২৬ ১০:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৪ নভেম্বর ২০২৬ ১০:২২ অপরাহ্ন
মোহনপুরে ২৫ যুবকের ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ শেষ, সনদ ও সরঞ্জাম বিতরণ

রাজশাহীর মোহনপুরে ২৫ বেকার যুবকের তিন মাসব্যাপী ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স (ইআইএম) প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে তাঁদের মধ্যে সনদপত্র ও বৈদ্যুতিক কাজের প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়েছে।


বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার কেশরহাটে শাপলা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) আর্থিক সহায়তায় সম্পূর্ণ বিনা মূল্যে এ প্রশিক্ষণ দেওয়া হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা বিনতে আখতার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া। সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার ইনফরমেশন অ্যান্ড রিসার্চ কর্মকর্তা ড. ইমরুল আসাদ।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠ করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। স্বাগত বক্তব্যে জাহাঙ্গীর আলম সংস্থার প্রতিষ্ঠা, কার্যক্রম ও চলমান প্রকল্প সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করেন।


সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, মোহনপুর এলাকায় বসবাসরত ২৫ জন বেকার যুবককে দক্ষ প্রশিক্ষকের মাধ্যমে তিন মাসব্যাপী আবাসিক নয়, অনাবাসিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সনদপত্রের পাশাপাশি বৈদ্যুতিক কাজের জন্য টুলবক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম বিনা মূল্যে দেওয়া হয়েছে।


বক্তারা বলেন, বেকার যুবকদের কর্মমুখী দক্ষতা বাড়াতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণপ্রাপ্তরা অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নেও অবদান রাখতে পারবেন। তাঁরা এ উদ্যোগের জন্য শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের প্রশংসা করেন।


শেষে অতিথি, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা এ উদ্যোগের সফলতা কামনা করেন। সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ সময় প্রশিক্ষণার্থী, তাঁদের অভিভাবক, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, সংস্থার কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।