বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

রাজশাহীতে বিচারকের ছেলে হত্যায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক ১২ নভেম্বর ২০২৬ ০২:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১২ নভেম্বর ২০২৬ ০২:২৪ অপরাহ্ন
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড

রাজশাহীতে বাসায় ঢুকে বিচারকের ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় একমাত্র আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ সময় মামলার আরও তিনটি ধারায় তাকে পৃথক ১০ বছর করে ২০ বছর কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানাও করা হয়।


গেল বছরের ১৩ নভেম্বর রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকায় একটি বহুতল ভবনে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৫) কুপিয়ে হত্যা করে মামলায় একমাত্র আসামি লিমন মিয়া। এসময় বিচারকের স্ত্রীকেও গুরুত্বর জখম করা হয়। 


বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার একদিন আগে এ রায় দিলেন আদালত। দণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।


মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ১৩ নভেম্বর নগরীর তেরখাদিয়া এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় লিমনের হামলায় তার ছেলে তাওসিফ রহমান খুন হয়। এ সময় ছুরিকাঘাতে আহত হন বিচারকের স্ত্রীও। এ ঘটনার পর পুলিশ লিমন মিয়াকে আটক করে। আহত থাকায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


পরদিন ১৪ নভেম্বর রাজপাড়া থানায় বিচারক আবদুর রহমান নিজে বাদী হয়ে লিমন মিয়াকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। গ্রেপ্তারের পর আসামিকে পাঁচদিনের রিমান্ডে নেয় পুলিশ। তদন্ত শেষে দেয়া হয় অভিযোগপত্র। বিচার চলাকালে বাদী ও তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানসহ ২৮ জন সাক্ষ্য দেন। যুক্তিতর্ক শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করা হয়।


এ বিষয়ে মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি আলী আশরাফ মাসুম বলেন, রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালতের বিচারক পর্যবেক্ষণে বলেছেন, এ ঘটনা আইন ও বিচার বিভাগের ওপর হুমকি। এর আগে এ ধরনের হুমকির ঘটনা কোথাও ঘটেনি। বিচারকের স্ত্রীর কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেয়াকে কেন্দ্র এই হত্যাকাণ্ড হয় বলেও জানান তিনি।


আসামি পক্ষের আইনজীবী অ্যাড. মামুন অর রশিদ জানান, তারা রায়ের বিপক্ষে আপিল করবেন।

তাওসিফ রহমান সুমন রাজশাহী নগরীর একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আসামি লিমন সুমনের মা তাসমিন নাহার লুসির পূর্বপরিচিত। ওই বছরের ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় লিমনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লুসি। অভিযোগে তিনি হত্যার হুমকির কথা উল্লেখ করেছিলেন। মামলা দায়েরের এক সপ্তাহ পর হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।


ওই সময় তাসমিন নাহার জিডিতে উল্লেখ করেছিলেন, কোয়ান্টাম ফাউন্ডেশনের একজন সদস্যের মাধ্যমে লিমনের সঙ্গে তার পরিচয় হয়। লিমনের পরিবারের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকায় তাকে বেশ কয়েকবার আর্থিক সহায়তা করি। কয়েকবার আর্থিক সহায়তা করার পর আর সাহায্য করতে পারবেন না বলে জানালে লিমন ক্ষুব্ধ হন। সে থেকে লিমন ফোনে হুমকি দিতে শুরু করেন। ৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে লিমন তার মেয়েকে ফোন করে তাকে এবং পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার হুমকি দেয় বলে জিডিতে উল্লেখ করেন।


ঘটনার দিন ‘বিচারকের ভাই’ পরিচয় দিয়ে বাসায় প্রবেশ করেছিলেন লিমন। সেখানে তাওসিফ ও তার মা ছাড়া অন্য কেউ ছিলেন না। ছুরিকাঘাতের পর তাওসিফের রক্ত শরীরে মেখে নিজেও আহত হওয়ার ভান করে পড়ে থাকেন তিনি। পরে পুলিশ তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়।


হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিমনকে আটক করে পুলিশ। পরদিন বিচারক আবদুর রহমান বাদী হয়ে রাজপাড়া থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা করেন।

রায় ঘোষণার সময় লিমনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়।