সোমবার, আগস্ট ২৪, ২০২৬

নতুন সরকারের শপথ: ভারত থেকে আসছেন লোকসভার স্পিকার

সোনার দেশ ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২১ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২১ অপরাহ্ন
নতুন সরকারের শপথ: ভারত থেকে আসছেন লোকসভার স্পিকার
ওম বিড়লা

বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও ‘এআই ইমপ্যাক্ট সামিটে’র কারণে তিনি আসতে পারছেন না।


ভারতীয় পরারাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লোকসভার স্পিকার ওম বিড়লা শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন।


আগামী মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ হবে। সেই আয়োজনে অংশ নিতে ভারত, পাকিস্তান, চীনসহ আঞ্চলিক ও বন্ধুপ্রতীম ১৩টি দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।


কিন্তু ওইদিন মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সূচি থাকায় ঢাকায় আসতে পারছেন না মোদী।


‘এআই ইমপ্যাক্ট সামিটে’ অংশ নিতে আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন মাক্রোঁ। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভারও আসার কথা রয়েছে।


গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিপুল বিজয়ের পর শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানানোর বিষয়টি দুই দেশের ‘চলমান উত্তেজনা কমিয়ে আনার চেষ্টার’ ইংগিত হিসেবে দেখানো হচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমে।


ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং ‘গণতান্ত্রিক ও প্রগতিশীল’ বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা বলেছেন।


শুক্রবার তারেক রহমানের সঙ্গে প্রথম ফোনালাপে মোদী বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে বিএনপি নেতার সঙ্গে কাজ করার আশা রাখেন তিনি।


তথ্যসূত্র: বিডিনিউজ