ইরানে থেমে থেমে বিস্ফোরণ, চারদিকে ধ্বংসযজ্ঞ, নিহত বেড়ে ৮০০
রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে থেমে থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় চারদিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মিনিটে মিনিটে পরিস্থিতির অবনতি হচ্ছে।
আলজাজিরা লিখেছে, ইসফাহান শহরে হামলার খবর পাওয়া গেছে, যেখানে দেশটির গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো অবস্থিত।
সরকারিভাবে হামলার লক্ষ্যবস্তু বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সরকারঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, রাতভর হামলায় একটি টেলিভিশন স্টেশন এবং কয়েকটি নিরাপত্তা সদর দপ্তর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এ ছাড়া অন্তত নয়টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। কিছু হামলা স্কুল ও আবাসিক ভবনের কাছাকাছি হয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, বেসামরিক নিহতের সংখ্যা এখন পর্যন্ত প্রায় ৮০০-তে পৌঁছেছে এবং আহতের সংখ্যা ৫ হাজারের বেশি।
তিনি ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়ে বলেন, ইতোমধ্যে অসুস্থ মানুষজনও হামলায় আহত হয়েছেন এবং চরম অনিশ্চিত ও বিপজ্জনক অবস্থায় হাসপাতালগুলো খালি করতে হয়েছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি