ইরানে হামলা সমর্থন করছে না অধিকাংশ জার্মান
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলাকে ন্যায্য মনে করছেন না জার্মানির বেশিরভাগ মানুষ। একই সঙ্গে বিশ্ব রাজনীতির ক্রমবর্ধমান অস্থিরতা এবং যুদ্ধ আরও বহু দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন দেশটির জনগণ।
জার্মানির সরকারি সম্প্রচারমাধ্যম এরআরডির নিয়মিত জরিপে এমনই চিত্র উঠে এসেছে। জরিপে দেখা গেছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের বিরোধিতা করছেন জার্মানদের ৫৮ শতাংশ।
তারা মনে করেন, ইরানের বিরুদ্ধে এই হামলা ন্যায্য নয়। বিপরীতে ২৫ শতাংশ এটিকে যৌক্তিক বলে মনে করেছেন।
গত সোমবার থেকে বুধবার (৪ মার্চ) পর্যন্ত এক হাজার ৩১৭ জনের ওপর এ জরিপ করা হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জরিপটি প্রকাশ করা হয়। জরিপে দেখা যায়, জার্মানদের বছরের শুরুতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের তুলনায় ইরান ইস্যুতে আপত্তির মাত্রা কিছুটা কম।
জানুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার ঘটনার সময় ৭২ শতাংশ জার্মান সেই পদক্ষেপকে অন্যায্য বলেছিলেন। আর সমর্থন করেছিলেন মাত্র ১২ শতাংশ। এছাড়া ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যখন ইরাকে হামলা চালায়, তখন জার্মানদের ৮০ শতাংশ সেই আক্রমণকে অন্যায্য মনে করেছিলেন।
বিশ্বরাজনীতিতে বাড়ছে উদ্বেগ
জরিপে দেখা গেছে, বিশ্ব পরিস্থিতি নিয়ে জার্মান নাগরিকদের উদ্বেগও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রায় তিন-চতুর্থাংশ (৭৭ শতাংশ) মানুষ মনে করেন, বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি জার্মানির জন্য হুমকিস্বরূপ বা খুবই হুমকিস্বরূপ। এ অনুভূতি প্রায় সব রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যেই বিদ্যমান। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে একই প্রশ্ন করা হলে তখন ৫৪ শতাংশ মানুষ বিশ্ব পরিস্থিতিকে জার্মানির জন্য হুমকিস্বরূপ মনে করেছিলেন। তখন রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল।
এদিকে বিশ্ব রাজনীতিতে শক্তিশালীর অধিকার ক্রমেই প্রাধান্য পাচ্ছে এমন আশঙ্কা করছেন ৮৫ শতাংশ জার্মান, যা জানুয়ারির তুলনায় আরও চার শতাংশ বেশি।
এছাড়া ইরানকে ঘিরে সংঘাত আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছেন ৮০ শতাংশ মানুষ। বিশেষ করে তেলের বাজারে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তারা। এরই মধ্যে জার্মানির বিভিন্ন পেট্রোল স্টেশনে জ্বালানির দাম দুই ইউরোর বেশি হয়ে যাওয়ায় মানুষ তার প্রভাব অনুভব করতে শুরু করেছেন।
যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা
জরিপে অংশ নেওয়া প্রায় তিন-চতুর্থাংশ মানুষ আশঙ্কা করছেন, ইরানকে ঘিরে যুদ্ধ আরও দেশে ছড়িয়ে পড়তে পারে। এছাড়া ৭১ শতাংশ জার্মান ইরানের সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। ইউরোপের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ওপর আস্থা কম
জরিপে আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতি জার্মান নাগরিকদের আস্থা এখনো কম। মাত্র ১৫ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে জার্মানির নির্ভরযোগ্য অংশীদার বলে মনে করেন। রাশিয়ার ক্ষেত্রে এ হার আরও কম, মাত্র ১২ শতাংশ। এছাড়া ইসরায়েলকে জার্মানির নির্ভরযোগ্য অংশীদার মনে করেন ১৭ শতাংশ জার্মান নাগরিক। এ ক্ষেত্রে সবচেয়ে সমালোচনামূলক অবস্থানে রয়েছেন বামপন্থী দলের সমর্থকেরা।
তথ্যসূত্র: বাংলানিউজ