সংঘাত বন্ধের ইঙ্গিত না থাকায় তেলের দাম আরও বাড়ল
হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি সরবরাহ আরও কয়েকদিন ব্যাহত হওয়ার শঙ্কায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। ২৪ শতাংশ বেড়ে এশিয়ায় সোমবার সকালের দিকে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ছিল ১১৪ দশমিক ৭৪ ডলার।
একই সময়ে কম ঘনত্বের এনওয়াইমেক্স ক্রুডের দাম ২৬ শতাংশের বেশি বেড়ে দাঁড়ায় ১১৪ দশমিক ৭৮ ডলারে।
এশিয়া মধ্যপ্রাচ্যের জ্বালানির অন্যতম বড় ক্রেতা। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয় হরমুজ প্রণালি দিয়ে। কিন্তু ইরানে হামলা শুরুর পর থেকে এ পথ দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। জাহাজ চলাচল প্রায় বন্ধ।
জ্বালানি সরবরাহে আরও কয়েকদিন বিঘ্ন ঘটলে দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ট্রেডিং ডটকম অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী পিটার ম্যাকগুইর ধারণা করছেন, তেলের দামের দ্রুত উত্থান ও অস্থিরতা আরও নাটকীয় মোড় নিতে পারে।
ম্যাকগুইর বলেন, উপসাগরীয় অঞ্চলের আরও দেশ যদি তেল ও গ্যাস উৎপাদন বন্ধ করে দেয়, তাহলে দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা যাবে। তখন ব্যারেলপ্রতি দাম ১৪০ থেকে ১৫০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।
এদিকে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জি৭ ভুক্ত দেশের অর্থমন্ত্রীরা আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মাধ্যমে মজুত তেল যৌথভাবে বাজারে ছাড়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন। এমন পদক্ষেপ বাজারের উদ্বেগ এবং দামের অস্থিরতা কিছুটা কমাতে পারে।
তথ্যসূত্র: বিবিসি ও আলজাজিরা