রবিবার, জুন ২১, ২০২৬

ঘুরে আসুন বিশ্বের সুখীতম দেশে, ভ্রমণে খরচ হবে না একটি টাকাও!

সোনার দেশ ডেস্ক ২৪ মার্চ ২০২৬ ০২:২৩ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ২৪ মার্চ ২০২৬ ০২:২৩ অপরাহ্ন
ঘুরে আসুন বিশ্বের সুখীতম দেশে, ভ্রমণে খরচ হবে না একটি টাকাও!
ভ্রমণ শুরু হবে ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকি দিয়ে

একঘেয়ে জীবনের জাঁতাকলে ফেঁসে, রোজই সুখের সন্ধান করে ফেরেন আমজমতা। কোথায় গেলে দু’দণ্ড নিশ্চিন্ত মনে আয়েস করা যাবে, তা ভেবে আরও ক্লান্ত হয়ে পড়েন। তবে জানেন কি, এখন চাইলেই যেতে পারবেন বিশ্বের এমন এক দেশে, যেখানে দুঃখের লেশমাত্র নেই! তাও আবার একেবারে নিখরচায়। এই আনন্দধামের ঠিকানাই রইল আজ।


দেশের নাম ফিনল্যান্ড। ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী, বিশ্বের সুখীতম দেশ এটিই! এখানকার বাসিন্দাদের মনে, এ দেশের নাগরিক হওয়া নিয়ে কোনও অনুশোচনা নেই। দেশের সরকার নিয়ে ক্ষোভ নেই। বরং রয়েছে একসঙ্গে মিলেমিশে সহাবস্থান করার ভরপুর প্রয়াস।


তবে তারা কেবল নিজেরা খুশি থেকেই ক্ষান্ত দেননি। চেয়েছেন এই আনন্দের অংশ সমগ্র বিশ্ববাসীর সঙ্গে ভাগ করে নিতে। তাই চালু হয়েছে ‘চিল লাইক আ ফিন’ নামের ক্যাম্পেন, যার দরুন সম্পূর্ণ বিনামূল্যে সাত দিন পর্যন্ত বাস করা যাবে এই দেশের লেকল্যান্ড রিজিয়নে। ক্যাম্পেনটিতে অংশগ্রহণকারীরা পাবেন সুখের সন্ধান করার এক অভিনব সুযোগ! অর্থাৎ কিনা, রোজের জীবনযাপনের ছোট ছোট অভ্যাস বদলালেই কীকরে তা জাতীয় সুখের পরিমাণ বৃদ্ধির অনুকূল হয়, অংশগ্রহণকারীদের তা-ই দেখানোর ব্যবস্থা করবেন উদ্যোক্তারা।


বুড়িছোঁয়ার ঢঙে চিরাচরিত সাইটসিয়িং এখন অতীত! এই ট্রিপের মূলমন্ত্রই ধৈর্য। অংশগ্রহণকারীদের নিয়ে যাওয়া হবে কাছাকাছির জায়গাগুলোয়। স্থানীয় ঐতিহ্য কেমনভাবে প্রভাবিত করে নাগরিক জীবন, দেখানো হবে তা। ক্যাম্পেনে অংশগ্রহণকারীরা আগামী গ্রীষ্মকালটি কাটানোর সুযোগ পাবেন ফিনল্যান্ডে, যখন বরফে ঢাকা এই দেশের আবহাওয়া বিশ্বের অন্যান্য দেশের বাসিন্দাদের পক্ষে অনুকূল হবে। তাছাড়া আকাশে সূর্য থাকার মেয়াদও অপেক্ষাকৃত বাড়বে।


ভ্রমণ শুরু হবে ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকি দিয়ে। তারপর ফিনল্যান্ডের মনমুগ্ধকর ল্যান্ডস্কেপ, জঙ্গল, হ্রদ ও সমুদ্রসৈকতে ঘুরবেন পর্যটকরা। অংশ নিতে পারবেন নেচার ওয়াক, সওনা ও ওয়েলনেস সেশনে। তবে এই ক্যাম্পেনে অংশ নেওয়ার ক্ষেত্রে বয়স অবশ্যই হতে হবে আঠারোর বেশি। ব্যক্তিকে ফিনদেশের নাগরিক হলে চলবে না। তাছাড়া একা মানুষের জন্যও নয় এই ট্রিপ। ফিনল্যান্ডের আনন্দ উপভোগ করতে সঙ্গে নিতে হবে সঙ্গী, বন্ধু অথবা পরিবারের সদস্যদের। জানতে হবে সেখানে গিয়ে কাজ চলার মতো ইংরিজি ভাষার খুঁটিনাটি। তাছাড়া প্রয়োজন ড্রাইভিং লাইসেন্স। আপনার আবেদন যদি পছন্দ হয় উদ্যোক্তাদের, তবে এই ক্যাম্পেনে অংশ নিতে খরচ হবে না গ্যাঁটের একটি কড়িও!


ফিনল্যান্ড অবশ্য এমনধারা ক্যাম্পেনের আয়োজন আগেও করেছে। সুখ ও মননশীলতার চাবিকাঠি তুলে দিতে চেয়েছে ক্লান্ত জীবন থেকে ফুরসৎ খোঁজেন, এমন পর্যটকদের হাতে। প্রকৃতির সঙ্গে সহাবস্থান সহজ করে তুলতে ও একচিলতে আনন্দ খুঁজে নিতে যাওয়াই যেতে পারে সুখের দেশ ফিনল্যান্ডে।


তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন