জলকূপ ঘিরে বিরোধের জেরে চাদে নিহত অন্তত ৪২
একটি জলকূপ ঘিরে বিরোধ থেকে আফ্রিকার দেশ চাদে প্রতিদ্বন্দ্বী দুটি নৃগোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
ওয়াদি ফিরা প্রদেশে এ জলকূপ ঘিরে প্রথম দুই পরিবারের মধ্যে বিরোধ ছিল। পরে তা প্রতিশোধমূলক এক হামলার চক্রে রূপ নেয় এবং বিস্তৃত এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে, গ্রামের পর গ্রাম পুড়ে ছাই হয়ে যায়।
চাদের কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং রোববার উপপ্রধানমন্ত্রী লিমানে মাহামাতের নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে ওই অঞ্চলে পাঠানো হয়েছে।
আফ্রিকার মধ্যাঞ্চলীয় এ দেশটিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে প্রাণঘাতী সংঘাত প্রায়ই দেখা যায়। দেশটিতে কৃষক ও পশুপালকদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের, আলাদা আলাদা জাতিগোষ্ঠীর মধ্যে উত্তেজনাও প্রকট, বলছে বিবিসি।
পানি ও চারণভূমি নিয়ে প্রতিযোগিতায় দেশটিতে প্রায়ই বিভিন্ন পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যায়। সাম্প্রতিক মাসগুলোতে গৃহযুদ্ধে জর্জরিত প্রতিবেশী সুদান থেকে পালিয়ে আসা শরণার্থীদের কারণে সম্পদ ও নিরাপত্তার ওপর চাপ আরও বেড়েছে।
সুদানের সংঘাত যেন সীমান্ত এলাকাকে অস্থিতিশীল না করে সেজন্য চাদের সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে বলে রোববার উপপ্রধানমন্ত্রী মাহামাত আশ্বস্ত করেছেন।
চাদে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে সাম্প্রতিক কয়েক বছরেও কয়েকশ’ মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। নভেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিমের দিবেবে-তে একটি কূপকে ঘিরে বিরোধের জেরে ৩৩ জন নিহত হয়েছিল।
আফ্রিকার এ দেশটিতে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে ১০০টির মতো সংঘাতে এক হাজার মানুষ নিহত ও ২ হাজার মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে থিঙ্কট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ।
মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত বছর জানায়, তারা ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে পশুপালক-কৃষক সহিংসতার ৭টি ঘটনা নথিভুক্ত করেছে, যাতে ৯৮ জনের মৃত্যু হয়েছিল।
জলবায়ু পরিবর্তনসহ নানান বিষয়ের কারণে এ ধরনের সংঘাত দেখা যাচ্ছে বলে বিশ্লেষণে বলেছে অ্যামনেস্টি। তাদের মতে, এ ধরনের সংঘাত-সহিংসতা বারবার দেখা গেলেও কর্তৃপক্ষ লোকজনকে পর্যাপ্ত সুরক্ষা দিতে পারছে না।
ঘটনার খবর পেলেও নিরাপত্তা বাহিনীর পৌঁছাতে দেরি হয়, দায়ীদের জবাবদিহিতার আওতায়ও আনা হয় না; ফলে ‘বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে দায়মুক্তি ও প্রান্তিকতার বোধ আরও বেড়ে যাচ্ছে’, বলেছে এ মানবাধিকার গোষ্ঠীটি।
তথ্যসূত্র: বিডিনিউজ