বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

আওয়ামী লীগ আমলের ঘটনায় ১৮৫৫ মামলা

সোনার দেশ ডেস্ক ৩০ এপ্রিল ২০২৬ ০২:২৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ৩০ এপ্রিল ২০২৬ ০২:২৬ অপরাহ্ন
আওয়ামী লীগ আমলের ঘটনায় ১৮৫৫ মামলা

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই আন্দোলনের পর দেশের বিভিন্ন জেলার থানায় মোট ১ হাজার ৮৫৫টি মামলা করা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৭৯৯টি এবং অন্যান্য ধারায় মামলা ১ হাজার ৫৬টি।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অধিবেশনে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এসব তথ্য জানান। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনের সভাপতিত্ব করেন।

আইনমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বিভিন্ন থানায় এসব মামলা রুজু হয়েছে।

তিনি আরও জানান, ইতোমধ্যে ১৫৮টি মামলায় (এর মধ্যে ৪৮টি হত্যা মামলা ও ১১০টি অন্যান্য মামলা) তদন্ত সম্পন্ন করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। এসব মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। বাকি ১ হাজার ৬৯৭টি মামলার তদন্ত এখনও চলছে।

আইনমন্ত্রী বলেন, এই বিপুলসংখ্যক মামলার তদন্ত একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া হলেও দ্রুততম সময়ে প্রতিবেদন দাখিলের লক্ষ্যে পুলিশ কাজ করছে। প্রতিটি মামলায় সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত করা হচ্ছে, যাতে বিচারের সময় কোনও আইনি দুর্বলতা না থাকে।

তিনি আরও বলেন, জামিনের বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ারাধীন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা প্রতিটি মামলায় সক্রিয়ভাবে জামিনের বিরোধিতা করছেন।

আইনমন্ত্রী বলেন, সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। যারা হত্যা, গুম, নির্যাতন ও পঙ্গুত্বের মতো অপরাধ করেছে, তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন