বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

সোনার দেশ ডেস্ক ১৫ অক্টোবর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৫ অক্টোবর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
বগুড়ায় যুবলীগ নেতা হত্যা মামলায় ৩ জনের আমৃত্যু কারাদণ্ড
আবু তালেব

বগুড়ায় যুবলীগ নেতা আবু তালেব হত্যা মামলার তিন আসামির আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়ার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এ রায় ঘোষণা করেন।


বগুড়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. হারুনূর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।


সাজাপ্রাপ্তরা হলেন— মো. ফিরোজ হোসেন ওরফে ফোকরা, মো. চাঁন মিয়া ও মো. বাপ্পারাজ ওরফে বাপ্পা। রায় ঘোষণার সময় আসামি চাঁন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি ফিরোজ হোসেন ও বাপ্পারাজ পলাতক। 


হত্যার শিকার আবু তালেব বগুড়া সদর উপজেলার আকাশতারার আব্দুস সামাদের ছেলে। তিনি বগুড়া শহর যুবলীগের সাবগ্রাম বন্দর কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। বগুড়া শহরের হকার্স মার্কেটে ব্যাগের দোকান ছিল আবু তালেবের। এছাড়াও তিনি নিজ এলাকায় বালুর ব্যবসা করতেন। 


বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে ২০২০ সালের ১৪ জুন বগুড়া সদর উপজেলার আকাশতারা মধ্যপাড়া এলাকায় প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে শরীরের একাধিক স্থানে আঘাতের পর গলা কেটে আবু তালেবের মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় আসামিরা। নিহত তালেবের স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 


বগুড়া জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মো. হারুনূর বলেন, “তদন্ত ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ এ রায় দেন। আজকের এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।”


তথ্যসূত্র: রাইজিংবিডি