শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

শিবগঞ্জে অবৈধ সার মজুদ, ব্যবসায়ীর এক মাসের কারাদণ্ড

শিবগঞ্জ প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ১১:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ১১:১১ অপরাহ্ন
শিবগঞ্জে অবৈধ সার মজুদ, ব্যবসায়ীর এক মাসের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে সার মজুদ করার অপরাধে পারভেজ প্রিন্স (২১) নামে এক সার ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় বাজারে অভিযান চালিয়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়।


দণ্ডপ্রাপ্ত পারভেজ প্রিন্স শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের মেহেরুল ইসলামের ছেলে। অভিযানকালে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ডিএপি ও টিএসপি সার উদ্ধার করা হয়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে সার মজুদের অভিযোগে কয়লার দিয়াড় বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সার মজুদের অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন।


অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. উম্মে সালমা রুমা জানান, সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধভাবে সার মজুদ রাখার প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় সার উদ্ধার করে অভিযুক্ত ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।


প্রশাসন জানিয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা, সারের বাজার স্থিতিশীল রাখা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে অবৈধ সার মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।