‘হিন্দুদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে, এটি প্রধানমন্ত্রীর নির্দেশ’
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের সর্বাত্মক সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হিন্দু ভাই-বোনেরা যাতে মাথা উঁচু করে চলতে পারেন, তা নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার পূজামণ্ডপগুলোর জন্য সরকারি চালের অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, “যুগ যুগ ধরে হিন্দু-মুসলমানের মধ্যে কোনো বিভেদ বা বৈষম্য ছিল না। আমাদের মধ্যে কোনো দূরত্বও ছিল না। ঈদের সময় আমরা একে অন্যের বাড়িতে যেতাম, পূজার সময়ও একসঙ্গে উৎসবে অংশ নিতাম। এটি ছিল আমাদের সবার উৎসব।”
তিনি বলেন, গত ১৭-১৮ বছর তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানোর এবং তাঁদের সঙ্গে দেখা করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে মনে করেন। এখন তাঁদের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করা জরুরি।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে সংসদ সদস্য বলেন, “আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নেব। আপনাদের পাহারা আমি নিজেই দেব। কেউ যদি উল্টাপাল্টা কিছু বলে বা হুমকি দেয়, আমাকে টেলিফোন করবেন। আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”
তিনি আরও বলেন, নাটোর ও নলডাঙ্গা তাঁর নির্বাচনী এলাকা। যত দিন বেঁচে থাকবেন, তত দিন হিন্দু সম্প্রদায়ের মানুষকে বুক উঁচু করে চলার পরিবেশ নিশ্চিত করতে চান। কেউ তাঁদের হুমকি দিলে বা বাঁকা চোখে তাকালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, নাটোর সদর উপজেলার ৮২টি পূজামণ্ডপ এবং নলডাঙ্গা উপজেলার ৫৯টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে চাল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।