সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন, কোনো ভেদাভেদ নয়: প্রতিমন্ত্রী পুতুল
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত হবেন, কোনো ভেদাভেদ থাকবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন পুতুল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দুর্গাপূজা সারা দেশের উৎসব। পূজাকে শান্তিপূর্ণ ও আনন্দময় করতে সরকার কাজ করছে। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে উপজেলার ৩০টি পূজামণ্ডপে ১৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া কৃষকদের ৩০টি চার্জার স্প্রে মেশিন, প্রতিবন্ধী ব্যক্তিদের ১০টি হুইলচেয়ার এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম। এ সময় জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।