ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে অ্যানেস্থেশিয়া দিবস পালন
রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে কেক কেটে বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে রাজশাহী ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে এক আলোচনা সভারও আয়োজন করা হয়।
অ্যানেস্থেশিয়া ও আইসিইউ বিভাগীয় প্রধান ডাক্তার ডা. আতউর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার ফাতেমা সিদ্দিকা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের জয়েন্ট সেক্রেটারি ও সাবেক অ্যানেস্থেশিয়া বিভাগীয় প্রধান এবং রাসিক নির্বাচনের মেয়র পদপ্রার্থী অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ।
প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী অধ্যক্ষ ডাক্তার ফাতেমা সিদ্দিকা বলেন, অ্যানেস্থেশিয়া বিভাগের ডাক্তারদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। তাঁদের সামান্য ভুলে একজন রোগীর প্রাণহানি হতে পারে। আমাদের হাসপাতালের সৌভাগ্য, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগের ডাক্তারগণ দক্ষ ও দায়িত্বশীল। এটা আমাদের গর্বের বিষয়। অ্যানেস্থেশিয়া ছাড়া চলতে পারব, এটা আমরা কল্পনাও করতে পারি না। তাই অ্যানেস্থেশিয়ার বিষয়ে বলে শেষ করা যাবে না।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ১৮৪৭ সালের ১৬ অক্টোবর মেডিকেল সায়েন্সের এইটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন। এই দিনে আধুনিক অ্যানেস্থেশিয়ার যাত্রা শুরু হয়েছিল। এর আগেও যে অ্যানেস্থেশিয়া ব্যবহার ছিল না, তা নয়; সেগুলি ছিল আনসায়েন্টিফিক এবং বিশ্বে কোনো প্রকার অনুমোদন ছিল না। যেমন গাছের পাতা, মরফি ইত্যাদি দিয়ে রোগীর অপারেশন করা হতো। এমনকি মাথায় আঘাত করে রোগীকে অজ্ঞান করে অপারেশন করা হয়েছে সেই সময়। কিন্তু আজ বিশ্বব্যাপী অ্যানেস্থেশিয়া বিশাল বিপ্লব ঘটিয়েছে। বর্তমানে অ্যানেস্থেশিয়া দেওয়ার পর রোগীদের সম্পূর্ণ জ্ঞান থাকে এবং তাঁরা কথা বলতে পারেন। এটাকে আমরা বলি, পেইনলেস অপারেশন।
উপস্থিত সকল চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের ধন্যবাদজ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এরপর উপস্থিত প্রধান অতিথিসহ সকল অতিথিবৃন্দ অ্যানেস্থেশিয়ার ১৮০তম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন।