শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

রাবির একাডেমিক ভবনে বসছে পাঁচটি নতুন লিফট

রাবি প্রতিবেদক ১৫ অক্টোবর ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১৫ অক্টোবর ২০২৬ ১১:৫৭ অপরাহ্ন
রাবির একাডেমিক ভবনে বসছে পাঁচটি নতুন লিফট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) তিনটি একাডেমিক ভবনে নতুন পাঁচটি লিফট স্থাপন করা হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী, বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে এ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৫ অক্টোবর) ভবনগুলো পরিদর্শন করে লিফট স্থাপনের স্থান চূড়ান্ত করেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম।


‎‎বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে জাবির ইবনে হাইয়ান বিজ্ঞান ভবনে (দ্বিতীয় বিজ্ঞান ভবন) দুটি, জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবনে (তৃতীয় বিজ্ঞান ভবন) দুটি এবং মমতাজ উদ্দিন কলা ভবনে একটি লিফট স্থাপন করা হবে।


‎‎বুধবার সকালে ভবনগুলো পরিদর্শনের সময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।


‎‎পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম বলেন, উঁচু ভবনগুলোতে শিক্ষক-শিক্ষার্থী, বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই লিফট স্থাপনের কাজ সম্পন্ন হবে বলেও জানান তিনি।