রাবিতে আন্তর্জাতিক আইন সম্মেলন শুরু ৩০ অক্টোবর, আসছেন ৯ দেশের গবেষকেরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ৩০ অক্টোবর শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আইন সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশসহ বিভিন্ন দেশের গবেষকেরা অংশ নেবেন। সম্মেলনের ২৫টি অধিবেশনে মোট ১২৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের আইন বিভাগের ১৩৯ নম্বর কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘ঝড়াবৎবরমহঃু, ঐঁসধহরঃু ধহফ খধি রহ ঃযব ঈড়হঃবসঢ়ড়ৎধৎু ডড়ৎষফ’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আবদুল আলিম ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ। স্বাগত বক্তব্য দেবেন আইন বিভাগের অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকা। ধন্যবাদ জ্ঞাপন করবেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদা আক্তার। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
সম্মেলনের প্লেনারি অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম। আলোচক হিসেবে থাকবেন মালয়েশিয়ার মালায়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেরি জর্জ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আর নাসের মোহাম্মদ ওয়াহিদ। অধিবেশনে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকা।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে প্রাথমিক সম্মতি দিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসাইন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য মো. এমদাদুল হক। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমান ও অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হান্নান উপস্থিত থাকবেন। সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
আয়োজকেরা জানান, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, দক্ষিণ সুদান, গ্রিস ও নামিবিয়ার গবেষকেরা সম্মেলনে অংশ নেবেন। তাঁরা সমসাময়িক আইন ও বিচারব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ আইন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইন, শিশু অধিকার, সাংবিধানিক অধিকার, পরিবেশ ও জলবায়ু, মানবাধিকার, অপরাধবিদ্যা ও ভুক্তভোগীবিদ্যা, ভূমি ও শ্রম অধিকার, সাইবার আইন, শরণার্থী অধিকার, ব্যক্তিগত আইন, মানব পাচার ও চোরাচালান, নারীর অধিকার এবং আন্তর্জাতিক মানবিক আইনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক আইন বিষয়ে গবেষণা, জ্ঞান বিনিময় ও বিভিন্ন দেশের গবেষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।