শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

নাটোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

নাটোর প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ১৬ অক্টোবর ২০২৬ ১২:০০ পূর্বাহ্ন
নাটোরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

নাটোরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, স্বাধীনতা নিশ্চিত করা এবং শিক্ষার সুযোগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বক্তারা।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালিটি কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে সম্মেলনকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


জেলা প্রশাসক সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসমা খাতুন, জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা নুর মোহাম্মদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস, এনজিওকর্মী লায়লা লাইজু নীলা এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা।


আলোচনা সভায় বক্তারা বলেন, সাদাছড়ি শুধু একটি লাঠি নয়; এটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদে চলাচল ও স্বনির্ভরতার গুরুত্বপূর্ণ সহায়ক। তাঁদের স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিত করতে সাদাছড়ির পাশাপাশি প্রয়োজন সহায়ক ও প্রতিবন্ধীবান্ধব পরিবেশ।


বক্তারা আরও বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতা করার পরিবর্তে অনেক সময় ফুটপাত দখল ও অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের মাধ্যমে তাঁদের চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এ ধরনের প্রতিবন্ধকতা দূর করতে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি তাঁদের জন্য শিক্ষার সুযোগ বাড়ানো এবং সমাজের সব ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।


আলোচনা সভা শেষে পাঁচজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মধ্যে ডিজিটাল সাদাছড়ি বিতরণ করা হয়।