শিবগঞ্জে ফের অবরুদ্ধ মাদ্রাসার সুপার ও ছেলে, উদ্ধার করল পুলিশ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তেলকুপি কলমদার আলিম মাদ্রাসার সুপার আব্দুর রহিম ও তাঁর ছেলে জাহিদ হাসানকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন স্থানীয় লোকজন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে মাদ্রাসায় গেলে তাঁদের অবরুদ্ধ করা হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে।
জাহিদ হাসান ওই মাদ্রাসার ল্যাব সহকারী হিসেবে কর্মরত। মাদ্রাসার কমিটির সদস্য জাহাঙ্গীর আলমের দাবি, প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের স্বার্থে তাঁরা কমিটি থেকে পদত্যাগ করেছেন। সুপার আব্দুর রহিমের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পাঁচ মাস কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন এবং মাদ্রাসার জমি বিক্রিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রতিবাদে সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করা হয় বলে জানান তিনি।
জাহাঙ্গীর আলম আরও অভিযোগ করেন, যাঁদের বিরুদ্ধে সুপার মামলা করেছিলেন, তাঁদের বাদ দিয়ে একটি মীমাংসা করা হয়েছে। তাঁর ভাষায়, এই মীমাংসা প্রহসনমূলক।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মাদ্রাসার সুপার আব্দুর রহিম। তিনি বলেন, বৃহস্পতিবার সকালে ছেলে জাহিদ হাসানকে নিয়ে মাদ্রাসায় গেলে বাবুর নেতৃত্বে স্থানীয় লোকজন তাঁদের অবরুদ্ধ করেন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেখান থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, সুপার ও তাঁর ছেলেকে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। পরে তাঁদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।