বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের যন্ত্রাংশ উদ্ধার, গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক ১৫ অক্টোবর ২০২৬ ১১:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৫ অক্টোবর ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের যন্ত্রাংশ উদ্ধার, গ্রেপ্তার ৩

রাজশাহীর চারঘাটে চালককে মারধর করে ছিনতাই করা অটোচার্জার ভ্যানের চারটি ব্যাটারি, একটি মোটর ও ভ্যানের বডি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পাবনার ঈশ্বরদী উপজেলার আমবাগান মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আজিবর রহমানের ছেলে মো. সবুজ (৩২), পাবনার ঈশ্বরদী উপজেলার বাঘাইল কলপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দীনের ছেলে মোতজু (৪২) এবং ঈশ্বরদী পৌরসভার পূর্ব টেংরী এলাকার মৃত আকাইল সরদারের ছেলে মো. হাবিবুর রহমান ভাঙ্গন (৫৭)।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে চারঘাট উপজেলার কাকড়ামারি থেকে পরানপুর বাজারের শিশাতলা গ্রামের একটি কাঁচা সড়ক দিয়ে যাচ্ছিলেন অটোভ্যানচালক মো. তফিকুল ইসলাম। পথে নির্জন স্থানে পৌঁছালে দুই অজ্ঞাত ব্যক্তি তাঁর অটোভ্যানটি থামিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন। চালক বাধা দিলে তাঁকে এলোপাতাড়ি মারধর করে রক্তাক্ত জখম করা হয়। পরে তাঁর অটোচার্জার ভ্যানটি নিয়ে পালিয়ে যান তাঁরা।


এ ঘটনায় মো. শাহিন আলম বাদী হয়ে ১২ অক্টোবর চারঘাট মডেল থানায় মামলা করেন। মামলাটির নম্বর ৮। দণ্ডবিধির ৩৯৪ ধারায় করা এ মামলার পরিপ্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ।


পরে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদী উপজেলার আমবাগান মোড়ের পূর্ব টেংরী এলাকায় অভিযান চালায়। এ সময় ছিনতাই হওয়া অটোভ্যানের চারটি ব্যাটারি, একটি মোটর ও বডি উদ্ধার করা হয়। একই সঙ্গে ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।


পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানান, ছিনতাই করা অটোভ্যানের অন্যান্য অংশ খণ্ড খণ্ড করে অজ্ঞাত ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন তাঁরা। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।