বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

আদমদীঘির পূজামণ্ডপে এমপির নগদ অর্থ ও সিসিটিভি উপহার

আদমদীঘি প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ১১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
আদমদীঘির পূজামণ্ডপে এমপির নগদ অর্থ ও সিসিটিভি উপহার

বগুড়ার আদমদীঘি উপজেলার দুর্গাপূজামণ্ডপগুলোতে ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ ও সিসিটিভি ক্যামেরা উপহার দিয়েছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদ্যাপনে সহায়তার অংশ হিসেবে তিনি এসব উপহার দেন।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সান্তাহারে সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিদের হাতে নগদ ২৫ হাজার টাকা ও একটি করে সিসিটিভি ক্যামেরা তুলে দেওয়া হয়।


এ সময় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।


তিনি আরও বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরা সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি।


এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ কর্মকার, পৌর যুবদলের ১ নম্বর সদস্য আব্দুস সবুর, পৌর যুবদলের ৬ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান, পৌর বিএনপির সদস্য আবুল কালাম আজাদসহ বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ।