শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

ফুলবাড়ীতে ৬১ পূজামণ্ডপে ৪০০ আনসার মোতায়েন

ফুলবাড়ী প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ১১:১২ অপরাহ্ন জাতীয়
ফুলবাড়ী প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২৬ ১১:১২ অপরাহ্ন
ফুলবাড়ীতে ৬১ পূজামণ্ডপে ৪০০ আনসার মোতায়েন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ৬১টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৪০০ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বিঘ্নে পূজা উদযাপন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আনসার সদস্যদের নিয়ে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ।


উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. সাহারা বানুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. সেলিম পারভেজ এবং পল্লবী রানী রায়।


নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, অধিক গুরুত্বপূর্ণ ১৭টি পূজামণ্ডপে আটজন করে মোট ১৩৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, গুরুত্বপূর্ণ ও সাধারণ শ্রেণির ৪৪টি পূজামণ্ডপে ছয়জন করে মোট ২৬৪ জন সদস্য মোতায়েন থাকবেন। সব মিলিয়ে ৬১টি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন ৪০০ আনসার সদস্য। প্রতিটি পূজামণ্ডপে দুজন করে নারী আনসার সদস্যও দায়িত্ব পালন করবেন।


সভায় আনসার সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করা হয়।


সংশ্লিষ্টরা আশা করছেন, আনসার, পুলিশ ও বিজিবির সমন্বিত নিরাপত্তাব্যবস্থায় ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।