জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার
জয়পুরহাট সদর উপজেলার কোমড়গ্রাম (নলপুকুর) এলাকা থেকে ৯২ দশমিক ৫৪ গ্রাম হেরোইনসহ মো. মঈন উদ্দিন তালুকদার (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫, রাজশাহী।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে বম্বু ইউনিয়নের কোমড়গ্রাম এলাকার হিমচী থেকে বটতলীগামী পাকা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এসআরবি-৫-এর সিপিসি-৩, জয়পুরহাটের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, চেকপোস্টে একটি মোটরচালিত ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামানোর সংকেত দেওয়া হয়। ইজিবাইকটি থামার পর এর এক যাত্রী পালানোর চেষ্টা করেন। এ সময় উপস্থিত সদস্যরা তাঁকে আটক করেন। পরে তাঁর হেফাজত থেকে ৯২ দশমিক ৫৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে মাদকদ্রব্যটি জব্দ করা হয়।
গ্রেপ্তার মঈন উদ্দিন তালুকদার জয়পুরহাটের কালাই থানার কাথাইল এলাকার মৃত সুলতান তালুকদারের ছেলে। তাঁর স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ সদর থানার জুবলীবাগান (খান সাহেব কাচারী) এলাকায় বলে অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।