বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

নগরীতে নকল অলিভ অয়েল জব্দ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ১৫ অক্টোবর ২০২৬ ১১:১০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৫ অক্টোবর ২০২৬ ১১:১০ অপরাহ্ন
নগরীতে নকল অলিভ অয়েল জব্দ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

নগরীতে অভিযান চালিয়ে নকল অলিভ অয়েল জব্দ করেছে সামারি ট্রায়াল কোর্ট। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাহেববাজারের আরডিএ মার্কেটে অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়।


রাজশাহী সিটি করপোরেশনের সামারি ট্রায়াল কোর্টের উদ্যোগে মহানগরীর সাহেববাজার, লক্ষ্মীপুর ও সিএনবি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিচারিক কার্যক্রম পরিচালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ফয়সল তারেক।


অভিযানকালে সাহেববাজারের আরডিএ মার্কেটের একটি দোকান থেকে উল্লেখযোগ্য পরিমাণ নকল অলিভ অয়েল জব্দ করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ী পণ্যগুলো নকল বলে স্বীকার করেন। পরে ওজন ও মান নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর প্রযোজ্য বিধান অনুযায়ী তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।


এদিকে, মহানগরীতে মিটলেস ডে যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা যাচাই করতে বিভিন্ন এলাকায় তদারকি করা হয়। এ সময় নির্ধারিত নির্দেশনা ও বিধিবিধান অনুসরণের বিষয়টি পর্যবেক্ষণ করেন ভ্রাম্যমাণ আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


অভিযানের অংশ হিসেবে লক্ষ্মীপুর এলাকার কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারের নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্স ও সিটি করপোরেশনের প্রয়োজনীয় নিবন্ধন যাচাই করা হয়। পরিদর্শনে কয়েকটি প্রতিষ্ঠানের সিটি করপোরেশন-সংক্রান্ত নিবন্ধন হালনাগাদ না থাকার বিষয়টি উঠে আসে। এসব প্রতিষ্ঠানকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্স হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নকল ও মানহীন পণ্যের বিস্তার রোধ, ভোক্তাদের স্বাস্থ্য ও আর্থিক স্বার্থ সুরক্ষা, মিটলেস ডে-সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন এবং চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের আইনগত অনুমোদন নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে ব্যবসায়ী ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে প্রযোজ্য আইন, লাইসেন্সের শর্ত ও সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।