চাঁপাইনবাবগঞ্জে চেম্বার সভাপতির বক্তব্যে ঠিকাদারদের ক্ষোভ, প্রত্যাহারের দাবি
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা ও সড়ক নির্মাণকাজ নিয়ে চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের দেওয়া বক্তব্যকে ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলার ঠিকাদাররা। তাঁর বক্তব্য প্রত্যাহার করে ভুল স্বীকারের দাবি জানিয়েছেন তাঁরা। অন্যথায় তাঁকে অযোগ্য ও অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছেন ঠিকাদাররা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতিতে গণমাধ্যমকর্মীদের কাছে দেওয়া এক লিখিত বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে স্বাক্ষর করেন ঠিকাদার মো. আবুল কালাম আজাদ, মো. হাবিবুর রহমান, সৈয়দ জিয়াউল হক জীবন, মো. শাহিনুল ইসলাম, মো. সামিরুল ইসলাম পলাশ, মো. রাসেল আহম্মেদ ও হাফিজুর রহমান সাদি।
বিবৃতিতে ঠিকাদাররা বলেন, গত ১০ অক্টোবর চেম্বার ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় পৌরসভার উন্নয়নকাজে নিয়োজিত ঠিকাদার ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে অস্বচ্ছল বলে কটাক্ষ করেন চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ। অথচ কোনো প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার আগে তার আর্থিক সক্ষমতা বা সলভেন্সি এবং অভিজ্ঞতা বিবেচনা করা হয়।
ঠিকাদারদের অভিযোগ, পৌরসভার উন্নয়নকাজ নিয়েও সাংবাদিকদের সামনে অসত্য তথ্য তুলে ধরেছেন চেম্বার সভাপতি। পৌরসভায় ১০০ কিলোমিটার সড়কের কাজ হচ্ছে বলে তাঁর দেওয়া বক্তব্য সঠিক নয় বলে দাবি করেন তাঁরা। তাঁদের মতে, এ ধরনের বক্তব্যে ঠিকাদার ও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, ব্যক্তিগত স্বার্থ পূরণ না হওয়ায় আব্দুল ওয়াহেদ বারবার পৌরসভা ও ঠিকাদারদের দোষারোপ করছেন। এ অবস্থায় তাঁর বক্তব্য প্রত্যাহার করে ভুল স্বীকারের দাবি জানিয়েছেন ঠিকাদাররা। অন্যথায় তাঁকে অযোগ্য ও অবাঞ্ছিত ঘোষণার পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, “আমি যেটা বলেছি, সেটা পৌরসভার জনগণের স্বার্থেই বলেছি।”
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ড্রেনেজ কার্যক্রম ধীরগতিতে চলার কারণে বিভিন্ন স্থানে পানি জমে এডিস মশার প্রজনন বাড়ছে। এতে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু ও রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। পৌরসভার উন্নয়নমূলক কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হলে জেলায় ডেঙ্গুর এমন ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতো না বলেও মন্তব্য করেন তিনি।