রবিবার, মে ০৩, ২০২৬

ভোটে হেরেই পানীয় জল সরবরাহ বন্ধ বিজেপি প্রার্থীর!

সোনার দেশ ডেস্ক ০৩ মে ২০২৬ ০১:০৪ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৩ মে ২০২৬ ০১:০৪ অপরাহ্ন
ভোটে হেরেই পানীয় জল সরবরাহ বন্ধ বিজেপি প্রার্থীর!

টানা চারদিন পানীয় জলটুকু পাচ্ছেন না মোদি-শাহের রাজ্যের বাসিন্দারা। এক জেলায় ইচ্ছাকৃতভাবে বন্ধ ছিল পানীয় জল সরবরাহ। পরিকল্পনামাফিক পানীয় জল সরবরাহ বন্ধ করেছিলেন পরাজিত বিজেপি প্রার্থী এবং তাঁর বাবা। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে গুজরাটের ভারুচ জেলায়। ওই জেলার এক গ্রামে গত চারদিন ধরে বন্ধ ছিল পানীয় জল সরবরাহ। পানীয় জল সরবরাহ কমিটির প্রধান ছিলেন পরাজিত বিজেপি প্রার্থীর বাবা। এই ঘটনার জেরেই গতকাল শনিবার খালিদ মালেক ও তাঁর ছেলে শাকিল মালেককে গ্রেপ্তার করেছিল পুলিশ। যদিও কয়েক ঘণ্টা পরেই তাঁরা ছাড়া পেয়ে যান। 

সূত্রের খবর, জাম্বুসার তালুক পঞ্চায়েত নির্বাচনে কভি-২ সিটে বিপুল ভোটে হেরে যান শাকিল। ২৬ এপ্রিল এই কেন্দ্রে ভোট হয়েছিল। ২৮ এপ্রিল ফলাফল ঘোষণা করা হয়েছিল। ভোটের ফলাফল ঘোষণার পরেই দেহগাম গ্রামে পানীয় জলের সরবরাহ বন্ধ করে দেন শাকিল ও তাঁর বাবা। এই গ্রামে ১০ হাজার মানুষের বসবাস। 

টানা চারদিন খাওয়ার জলটুকু পাননি হাজার হাজার বাসিন্দা। বিষয়টি জানাজানি হতেই, পুলিশের পদক্ষেপে শুক্রবার সন্ধ্যায় ওই গ্রামে পানীয় জল সরবরাহ শুরু হয়। 

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনে গুজরাটে বিজেপিই বেশিরভাগ আসন দখল করেছে। জাম্বুসার তালুক পঞ্চায়েতে ২২টি সিটের মধ্যে ১৪টি আসনে জয়ী হয়েছে বিজেপি। ছ’টি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। আম আদমি পার্টি ও নির্দল প্রার্থী একটি করে আসনে জিতেছেন। 

কভি-২ সিটে বিজেপির প্রার্থী ছিলেন শাকিল, কংগ্রেসের তানভির মালেক, আম আদমি পার্টির সোহেল শেখ। তাঁরা প্রত্যেকেই দেহগামের বাসিন্দা ছিলেন। ২৮ এপ্রিল ফলাফল ঘোষণার পর জানা যায়, আম আদমি পার্টির সোহেল ২১০০ ভোট এবং শাকিল ১০৯৮ ভোট এবং তানভির ১৩০০ ভোট পেয়েছেন। 

ভোটে পরাজয়ের পরেই ক্ষোভ উগরে দেন শাকিল ও তাঁর বাবা। হাতে ধারালো তলোয়ার নিয়ে গোটা গ্রামে ঘুরে ঘুরে বাসিন্দাদের হুমকি দিতে থাকেন। এও বলেন, ভোট না দেওয়ায়, কেউ পানীয় জল পাবেন না। যে ঘটনার ভিডিও সমাজমাধ্যমেও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। পুলিশের নজরে পড়তেই কড়া পদক্ষেপ করেছে তারা। 

গ্রাম পঞ্চায়েতের সদস্য ইব্রাহিম মালেক জানিয়েছেন, ৩০ বছর আগে পর্যন্ত এই গ্রামের বাসিন্দারা পুকুর থেকে জল নিতেন। কয়েক মাস আগে ইসলাহুল মুসলিমিন ট্রাস্ট পানীয় জলের জন্য মোটা অঙ্কের আর্থিক সাহায্য করে। এরপর আন্ডারগ্রাউন্ড জলের পাইপলাইন বসানো হয়। জানুর পাম্পিং স্টেশন দিয়ে নর্মদার জল পৌঁছয় এই গ্রামে। এরপর পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির প্রেসিডেন্ট খালিদ মালেক। 

টানা চারদিন পানীয় জল না পেয়ে, আশেপাশের গ্রামের কুয়ো থেকে জল নিয়ে আসতেন গ্রামবাসীরা। হুমকির জেরে ভয়ের চোটে থানায় অভিযোগ জানাননি কেউ। একাধিকবার শাকিলকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও পানীয় জল সরবরাহ করা হয়নি। পঞ্চায়েতে বৈঠক করা হয়েছে সম্প্রতি। সেই বৈঠকে গ্রামবাসীরা কমিটির প্রেসিডেন্ট বদলের দাবিও তুলেছেন। 

কভি-২ সিটে জয়ী আপের সোহেল জানিয়েছেন, “ভোটে পরাজয় শাকিল ও তাঁর বাবা খালিদ হজম করতে পারছেন না। তাই জল সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন। ৩০ বছর ধরে এই গ্রামে পানীয় জল সরবরাহ বন্ধ হয়নি‌। এই প্রথমবার টানা চারদিন কেউ খাওয়ার জল পেলেন না। চরম ভোগান্তির শিকার হয়েছেন গ্রামবাসীরা।”

তথ্যসূত্র: আজকাল অনলাইন