মঙ্গলবার, মে ০৫, ২০২৬

জার্মানির লাইপজিগে পথচারীদের ওপর চলন্ত গাড়ির ধাক্কায় নিহত ২

সোনার দেশ ডেস্ক ০৫ মে ২০২৬ ০৩:০১ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৫ মে ২০২৬ ০৩:০১ অপরাহ্ন
জার্মানির লাইপজিগে পথচারীদের ওপর চলন্ত গাড়ির ধাক্কায় নিহত ২
জার্মানির লাইপজিগে শহরের ঘটনাস্থলে কাজ করছেন পুলিশ সদস্যরা। ছবি: রয়টার্স

জার্মানির পূর্বাঞ্চলীয় শহর লাইপজিগে একটি গাড়িমুক্ত পথচারী চলাচল এলাকায় ঢুকে পড়া চলন্ত গাড়ির আঘাতে দুইজন নিহত ও আরও তিনজন গুরুতর আহত হয়েছে, জানিয়েছেন মেয়র বুর্কহার্ট ইয়ুং।

সোমবারের নগরীর কেন্দ্রস্থলে ঘটা এ ঘটনার পর পুলিশ গাড়ি চালককে গ্রেপ্তার করেছে। তাকে ৩৩ বছর বয়সী একজন জার্মান নাগরিক বলে শনাক্ত করেছে। ঘটনাস্থলে আর কোনো ঝুঁকি নেই বলে ঘোষণা করেছে তারা।

সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ইয়ুং এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা দুটি মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করছি। বর্তমানে তিনজন গুরুতর আহত অবস্থায় আছে। আরও অনেকে আহত হয়েছে।”

জার্মানির জ্যাক্সন রাজ্যের মুখ্যমন্ত্রী মিখায়েল ক্রেচমার জানিয়েছেন, সন্দেহভাজনের সম্ভাব্য মানসিক সমস্যা আছে।

কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন কোনো প্রতিরোধ ছাড়াই আত্মসমর্পণ করেছেন।

ঘটনার পর পুলিশ ওই এলাকার সবগুলো রাস্তা বন্ধ করে দিয়ে বড় ধরনের অভিযান পরিচালনা করে। এই অভিযানে জরুরি বিভাগের অনেকগুলো গাড়ি অংশ নেয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগর কর্তৃপক্ষ এ ঘটনায় ‘বহু হতাহত হয়েছে’ বলে জানায়। কিন্তু মোট কতোজন আহত হয়েছে নগর কর্মকর্তারা তা নির্দিষ্ট করে জানাতে পারেননি।

স্থানীয় সম্প্রচারমাধ্যম রেডিও লাইপজিগ জানিয়েছে, একটি ক্ষতিগ্রস্ত ফোক্সভাগেন এসইউভিকে ছাদে একজন লোক নিয়ে দ্রুতগতিতে একটি পথচারী চলাচলের এলাকার মধ্য দিয়ে যেতে দেখা গেছে।

অন্য ইউরোপীয় দেশগুলোর মতো জার্মানিও সম্প্রতি চলন্ত গাড়ি নিয়ে পথচারীদের ওপর ধাক্কা ও ছুরি নিয়ে হামলার মতো অনেকগুলো ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছে।

তথ্যসূত্র: বিডিনিউজ