বুধবার, মে ০৬, ২০২৬

ইরান যুদ্ধের মূল্য চুকাতে হতে পারে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে, উদ্বিগ্ন রিপাবলিকানরা

সোনার দেশ ডেস্ক ০৬ মে ২০২৬ ১২:২১ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৬ মে ২০২৬ ১২:২১ অপরাহ্ন
ইরান যুদ্ধের মূল্য চুকাতে হতে পারে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে, উদ্বিগ্ন রিপাবলিকানরা
ছবি: রয়টার্স

ইরান যুদ্ধ এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির সুরে কথার কারণে যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনে দলকে মূল্য চুকাতে হতে পারে বলে শঙ্কায় আছে রিপাবলিকানরা।

প্রকাশ্যে কেউ তেমন উচ্চবাচ্য না করলেও ব্যক্তিগত গ্রুপ চ্যাট এবং বিভিন্ন বৈঠকে কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ ও অস্বস্তি বাড়ছে বলে এক প্রতিবেনে জানিয়েছে এনবিসি নিউজ।

প্রায় ১০০ জন রিপাবলিকান আইনপ্রণেতার গোষ্ঠী ‘মেইন স্ট্রিট ককাস’ এর মধ্যে এমনই এক আলাপচারিতায় ট্রাম্পের সোশাল মিডিয়ায় পোস্ট করা সাম্প্রতিক এক হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ পেয়েছে। ওই পোস্টে ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, “আজ রাতেই পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে।”

বিষয়টি সম্পর্কে জানেন এমন তিন হাউজ রিপাবলিকানের উদ্ধৃতি দিয়ে সিবিএস নিউজ তাদের প্রতিবেদনে একথা জানিয়েছে।

আলাপচারিতায় একজন আইনপ্রণেতার প্রশ্ন ছিল, প্রশাসনের ব্যয়বহুল ইরান যুদ্ধকে যারা সমর্থন দিচ্ছেন, তাদের জন্য ট্রাম্পের এমন কথাবার্তা কীভাবে সহায়ক হতে পারে? ট্রাম্পের বক্তব্য রাজনৈতিকভাবে সহায়ক নয় বলে তিনি উল্লেখ করেন।

এক রিপাবলিকান আইনপ্রণেতা এনবিসি নিউজকে জানান, “মানুষজন চরম ক্ষুব্ধ।” তাছাড়া অর্থনীতির অধপতন, বিশেষ করে জ্বালানি দাম বাড়ার বিষয়টি ভোটারদের ভাবাবেগে প্রভাব ফেলতে পারে বলেও উদ্বেগ রয়েছে।

আরেক হাউজ রিপাবলিকানের বক্তব্য ছিল, মানুষ আর্থিক দিকটির কথা মাথায় রেখেই ভোট দেয়। গ্যাসের দাম যদি নেমে না আসে তাহলে ইরান যুদ্ধ মধ্যবর্তী নির্বাচনে তা একটি বিষয় হয়ে দাঁড়াবে।

এনবিসি নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, বেশ কিছু রিপাবলিকান কৌশলবিদ মনে করছেন, বর্তমানে দলের ভোটারদের কাছে তুলে ধরার মতো স্পষ্ট বার্তা কিংবা কৌশলের অভাব আছে। এটিও মধ্যবর্তী নির্বাচনের আগে দিয়ে উদ্বেগে নতুন মাত্রা যোগ করেছে।

তথ্যসূত্র: বিডিনিউজ