সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক ০৭ মে ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৭ মে ২০২৬ ০৯:৫৭ অপরাহ্ন
ব্যবসায়ীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ

রাজশাহীতে মিথ্যা তথ্য ও অপপ্রচারের অভিযোগ তুলেছেন ব্যবসায়ী মাসুম সরকার। এর আগে বুধবার (৬ মে) আব্দুল মাজেদ নামের এক ব্যবসায়ী এই সংবাদ সম্মেলন করেন। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মাসুস সরকার। 


বৃহস্পতিবার (৭ মে) বিকেলে নগরীর অলোকার মোড়ে একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাসুম সরকার। তিনি অভিযোগ করেন, গত বুধবার (৬ মে) আব্দুল মাজেদ তার পৈতৃক সম্পত্তি ও মার্কেট ভাঙচুর এবং মালামাল লুটপাটের অভিযোগ তুলে যে সংবাদ সম্মেলন করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ওই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন নিউজ পোর্টালে প্রচারিত হওয়ার পর জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।


সংবাদ সম্মেলনে মাসুম সরকার বলেন, প্রকৃতপক্ষে সুলতানাবাদ এলাকার আর.এস ৪৫৩৭ নম্বর দাগের সম্পত্তিটি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের মাধ্যমে প্রকাশ্য নিলামে তিনি ক্রয় করেন। পরে ব্যাংক ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি তার অনুকূলে দলিল রেজিস্ট্রি করে দখল বুঝিয়ে দেয়। বর্তমানে তিনি আইনগতভাবে মালিকানাস্বত্ব ধরে রেখে নিয়মিতভাবে খাজনা প্রদান করছেন।


তিনি আরও জানান, আব্দুল মাজেদ পূর্বে ১৯৭৫ সালের দলিলের মাধ্যমে উক্ত সম্পত্তি ক্রয় করেন এবং পরবর্তীতে ব্যাংক ঋণ পরিশোধ না করায় সম্পত্তিটি অর্থঋণ আদালতের মাধ্যমে ব্যাংকের অনুকূলে চলে যায়। আদালতের একাধিক রায় ও আদেশে ন্যাশনাল ব্যাংকের মালিকানা নিশ্চিত হয় এবং উচ্চ আদালত পর্যন্ত মামলার নিষ্পত্তি ঘটে বলে তিনি উল্লেখ করেন।


সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সম্প্রতি সম্পত্তিতে চলমান উন্নয়ন কাজ চলাকালে আব্দুল মাজেদের জামাই নাসিম চাঁদা দাবি করেন। বিষয়টি তিনি পুলিশকে জানানোর পর চাঁদা দাবির ঘটনা ব্যর্থ হয় এবং এরপরই মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে।


সংবাদ সম্মেলনে মাসুম সরকার দাবি করেন, আব্দুল মাজেদ বিভিন্ন আদালতে একাধিক মামলা করলেও অধিকাংশ মামলায় পরাজিত হয়েছেন এবং উচ্চ আদালত পর্যন্ত তার আবেদন খারিজ হয়েছে। এছাড়া সংবাদ সম্মেলনে উল্লেখিত কিছু মামলার অস্তিত্বই নেই বলেও তিনি দাবি করেন।


তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে যেসব অভিযোগ তোলা হয়েছে, তাদের সঙ্গে তার বা সম্পত্তিটির কোনো সম্পর্ক নেই। একমাত্র উদ্দেশ্য হলো বিভ্রান্তি সৃষ্টি করে বাস্তব ঘটনা আড়াল করা।

এবিষয়ে কথা বলার জন্য বিকেল থেকে রাত পৌনে নয়টা পর্যন্ত একাধিকবার আব্দুল মাজেদকে কল দিয়ে তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।