রূপপুর প্রকল্প: প্রথম ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন সম্পন্ন
পাবনার ঈশ্বরদীতে নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের প্রথম ইউনিটে পূর্ণাঙ্গ স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা সরবরাহ ও স্থাপন সম্পন্ন করেছে রসাটম। শুক্রবার (৮ মে) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হলো। রসাটমের অটোমেশন ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ‘রসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস’ (রাসু) এই স্বয়ংক্রিয় ব্যবস্থাটি সরবরাহ করেছে। প্রতিষ্ঠানটি প্রথম ইউনিটের জন্য স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ ও বিকিরণ পর্যবেক্ষণ ব্যবস্থাসহ ২২টি সাব-সিস্টেম স্থাপন করেছে।
রাসু এর অটোমেটেড প্রসেস কন্ট্রোল সিস্টেম বিভাগের ব্যবস্থাপনা পরিচালক গ্লেব মুরাশভ জানান, ‘বর্তমানে রূপপুর এনপিপির প্রথম ইউনিটের জন্য সকল স্বয়ংক্রিয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ সরঞ্জাম নির্মাণস্থলে সরবরাহ ও কমিশনিং সম্পন্ন হয়েছে। রূপপুর প্রকল্পের বিশেষত্ব যাচাই করে আমরা এই সিস্টেমের বেশ কিছু উন্নয়ন করেছি। উদাহরণস্বরূপ প্রথমবারের মতো, কমপ্যাক্ট বেঞ্চ-টাইপ নকশা যাতে স্বয়ংক্রিয় বিকিরণ পর্যবেক্ষণ সিস্টেম অন্তর্ভূক্ত।’
এই স্বয়ংক্রিয় ব্যবস্থা রূপপুর প্রকল্পের বিদ্যুৎ ইউনিটের কমিশনিং ও পরিচালনাকালে যন্ত্রপাতির কার্যকারিতা, বিদ্যুৎ উৎপাদন এবং প্রযুক্তিগত প্রক্রিয়াগুলো পর্যবেক্ষণ করবে।
রাশিয়ার প্রযুক্তি ও আর্থিক সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক প্রকল্পে মোট দু’টি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর স্থাপন করা হয়েছে, যার সম্মিলিত উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট। ৩+ প্রজন্মের রিঅ্যাক্টর নকশাটি আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে তৈরি করা হয়েছে এবং বর্তমানে এ জাতীয় রিয়্যাক্টর সম্বলিত ৬টি ইউনিট রাশিয়া ও বেলারুশে চালু রয়েছে।