শনিবার, মে ০৯, ২০২৬

ঈশ্বরদী ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ, দুই ঘণ্টা অচলাবস্থা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৯ মে ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৯ মে ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন
ঈশ্বরদী ইপিজেডে শ্রমিকদের বিক্ষোভ, দুই ঘণ্টা অচলাবস্থা

পাবনার ঈশ্বরদী ইপিজেডে শ্রমিকদের কর্মস্থলে যাতায়াতের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ইপিজেডের প্রধান ফটকে তালা মেরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। এ নিয়ে ইপিজেড গেটে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। 

শনিবার (৯ মে) সকালে ঈশ্বরদী ইপিজেডের সামনে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২ ঘণ্টা ইপিজেডে অচলাবস্থার সৃষ্টি হয়। পরে বেপজা কর্তৃপক্ষের আশ্বাসে ২ ঘন্টা পরে শ্রমিকরা কাজে যোগ দেন। 

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আমরা দুর-দুরান্ত থেকে বাসসহ বিভিন্ন যানবাহনে ঈশরদী ইপিজেডে কাজে আসি। সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে বাস কর্তৃপক্ষ শ্রমিকদের বাস ভাড়া প্রতি মাসে জনপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করেছে। এর প্রতিবাদে আমরা ইপিজেডের প্রবেশ পথের প্রধান গেটের বাইরে অবস্থান গ্রহণ করেছি। 

এদিকে শনিবার সকালে ইপিজেডের সামনের সড়কের দুপাশে প্রায় দশ হাজার শ্রমিক একযোগে অবস্থান নিলে দুদিকে প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঈশ্বরদী ইপিজেডের একটি গার্মেন্ট কারখানার শ্রমিক আফরোজা খাতুন বলেন, আমরা প্রতিদিন পাবনা থেকে বাসে এখানে কাজে আসি। আমাদের বেতন বাড়েনি অথচ প্রতি মাসে বাসভাড়া বাড়ানো হয়েছে প্রকার ভেদে ৫শ’ থেকে ৭০০ টাকা পর্যন্ত। 

আরেক প্রতিষ্ঠানের শ্রমিক রেজাউল আলম সোহান বলেন, ভেড়ামারা থেকে ইপিজেডে কাজে আসি। যা বেতন পাই তার একটি বড় অংশ আমাদের পরিবহনে ব্যয় হয়, দ্রব্যমুল্যের উর্ধগতিতে বাকি টাকায় সংসার চালানো এমনিতেই কঠিন হয়ে পড়েছে। তার ওপর মাসে আরো ৫০০ টাকা ভাড়া বাড়ানো হয়েছে, আমরা কীভাবে চলবো। তাই বাধ্য হয়ে প্রতিবাদ জানাতে রাস্তায় দাঁড়িয়েছি। 

জানা গেছে, সম্প্রতি শ্রমিকদের যাতায়াতের জন্য ব্যবহৃত বিভিন্ন বাসের ভাড়া বৃদ্ধি করা হলে ইপিজেডের শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ভাড়া পুননির্ধারণ করার দাবিতে গতকাল সকাল থেকেই শ্রমিকরা প্রধান ফটকের সামনে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে তারা ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

এ খবর পেয়ে বেপজা কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শ্রমিক প্রতিনিধিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বেপজা কর্তৃপক্ষের আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় শ্রমিকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক এবিএম শহিদুল ইসলাম বলেন, শ্রমিকদের কিছু দাবি ও ভাড়া বৃদ্ধির বিষয় নিয়ে সাময়িক অসন্তোষ তৈরি হয়েছিল। আমরা শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি। তাদের দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং উৎপাদন কার্যক্রমও স্বাভাবিকভাবে চলছে। কর্তৃপক্ষের আশ্বাসের পর শ্রমিকরা প্রধান ফটকের তালা খুলে দেন এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয় বলে জানান তিনি।

ঈশ্বরদী ইপিজেডের অভ্যন্তরে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মনিরুল ইসলাম বলেন, পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সকালে শ্রমিকদের আন্দোলনে সাময়িক সমস্যার সৃষ্টি হয়। বেপজা কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে পুলিশ প্রশাসনও কথা বলেছে। সে প্রেক্ষিতে শ্রমিদের আশ্বস্ত করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

ইপিজেডের বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন পাবনা, লালপুর, বাঘা, বনগ্রাম, ভেড়ামারা, চারঘাটসহ দুর-দুরান্ত থেকে ১০ থেকে ১৫ হাজার শ্রমিক প্রতিদিন বাস ও ইঞ্জিন চালিত বিভিন্ন যানবাহনে মাসিক ভাড়া চুক্তিতে ঈশ্বরদী ইপিজেডে তাদের কর্মস্থলে যাতায়াত করেন।