সোমবার, আগস্ট ২৪, ২০২৬

মাদক অভিযানে গিয়ে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র

ঈশ্বরদী প্রতিনিধি ১১ মে ২০২৬ ০১:০৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ১১ মে ২০২৬ ০১:০৪ অপরাহ্ন
মাদক অভিযানে গিয়ে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র

পাবনার ঈশ্বরদীতে মাদক উদ্ধার অভিযানে গিয়ে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৩টি তাজা কার্তুজ ও ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুর রব (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১০ মে) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর এলাকার নতুনহাট মোড়ে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার আব্দুর রব ওই এলাকার মৃত হায়দার আলীর ছেলে। 

পুলিশ জানায়, আব্দুর রব মাটি ও বালুর ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন। পাশাপাশি তার বিরুদ্ধে স্থানীয় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের মাধ্যমে এলাকায় ভীতি সৃষ্টি করারও অভিযোগ রয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, আব্দুর রবের বসতবাড়িতে রোববার রাতে মাদক বিরোধী অভিযান চালায় ঈশ্বরদী থানা পুলিশের একটি দল। সেখানে মাদক উদ্ধার করতে তল্লাশি চালানোর সময় তার শয়নকক্ষ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় ওয়ান শুটার আগ্নেয়াস্ত্র, ১৩টি তাজা কার্তুজ ও ৬৪ পিস ইয়াবা। 

তার বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।