রবিবার, জুন ২১, ২০২৬

রাবিতে ১ম বর্ষের ক্লাস শুরু, ফাঁকা থাকা আসন পূরণ হবে যেভাবে

রাবি প্রতিবেদক ১১ মে ২০২৬ ১০:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১১ মে ২০২৬ ১০:১২ অপরাহ্ন
রাবিতে ১ম বর্ষের ক্লাস শুরু, ফাঁকা থাকা আসন পূরণ হবে যেভাবে
ফাইল ছবি

১২টি আসন ফাঁকা রেখেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। দীর্ঘ ভর্তি প্রক্রিয়া ও নানা প্রতীক্ষার পর নবীন শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দুইটি ইউনিটে আসন ফাঁকা থাকলেও একটিতে পূরণ করা যাবে। অপেক্ষমানদের থেকে মেধাতালিকা তৈরি করে এসব আসন পূরণ করা হবে।


ফাঁকা আসনের বিষয়ে আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ড. ছাইফুল ইসলাম বলেন, ‘বর্তমানে এ-ইউনিটে ৪টির মতো আসন ফাঁকা রয়েছে, যা পূরণযোগ্য। তবে সি-ইউনিটে ৮টি আসন ফাকা রয়েছে, যা পূরণ যোগ্য নয়। তবে আগামীতে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেখানে ভালো বিষয় পেলে অনেক শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে চলে যেতে পারে, ফলে ভবিষ্যতে আরও কিছু আসন ফাঁকা হওয়ার সম্ভাবনা রয়েছে।’


‘এ’ ইউনিটের কো-অর্ডিনেটর ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, ‘এ’ ইউনিটে মাত্র ৩-৪টা আসন ফাঁকা আছে। এদিকে ভর্তি কার্যক্রমও বন্ধ করা হয়েছে। যেহেতু আসন ফাঁকা আছে, তাই আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি চেয়েছি যাতে পুনরায় ভর্তি কার্যক্রম চালু করা হয়। যদি অনুমতি দেয়, তাহলে ওয়েটিং লিস্ট থেকে ভর্তি করা হবে।’


সংশ্লিষ্টরা জানান, ‘সি’ ইউনিটে আর শিক্ষার্থী ভর্তি করানো হবে না। কারণ ভর্তি নেওয়ার মতো মার্কস কারও নেই।


এদিকে নতুন পরিবেশ, নতুন বন্ধু ও বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিনের অভিজ্ঞতায় উচ্ছ্বাস-উদ্দীপনায় মেতে ওঠেন নবীন শিক্ষার্থীরা। রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও পুরো ক্যাম্পাসজুড়ে এমন চিত্র দেখা যায়।


এদিকে নবীনদের বরণ করতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ছিল উৎসবমুখর আয়োজন। ওরিয়েন্টেশন ক্লাসের পাশাপাশি ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানান শিক্ষক ও সিনিয়ররা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহীদ মিনার, প্যারিস রোড, টুকিটাকি চত্বরসহ পুরো ক্যাম্পাসজুড়ে নবীনদের প্রাণবন্ত পদচারণা ছিল চোখে পড়ার মতো।