সোমবার, আগস্ট ২৪, ২০২৬

আইনি সহায়তা সহজ করতে রাজশাহীতে ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ১১ মে ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১১ মে ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন
আইনি সহায়তা সহজ করতে রাজশাহীতে ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

দেশের গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য দীর্ঘদিন ধরে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে আসছে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)। আইনি সহায়তার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক সভা, প্রশিক্ষণ, অ্যাডভোকেসি কার্যক্রম ও লিগ্যাল এইড ক্যাম্প আয়োজনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তুলে আইনি সহায়তা সহজ ও গতিশীল করতে রাজশাহীতে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে নগরীর এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের সভাকক্ষে এ সভার আয়োজন করে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাজশাহী ইউনিট।


সভায় সভাপতিত্ব করেন ব্লাস্ট রাজশাহী ইউনিটের সমন্বয়কারী অ্যাড. সামিনা বেগম। প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাফর আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, সিএমএম প্রবেশন অফিসার তারিক এলাহী, সমাজসেবা অধিদফতর রাজশাহীর উপ-তত্ত্বাবধায়ক আক্তারি খানম এবং সহকারী পরিচালক মাহবুবা সুলতানা।


সভায় বক্তারা বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, নারী ও নির্যাতনের শিকার ব্যক্তিদের দ্রুত ও কার্যকর সহায়তা দিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত রেফারেল ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ভুক্তভোগী কোথায় গেলে কী ধরনের সহায়তা পাওয়া যাবে, সে বিষয়ে অবগত না থাকায় নানা ধরনের জটিলতার মুখে পড়েন। এ ধরনের নেটওয়ার্কিং সভা পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সেবাপ্রত্যাশীদের প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখবে। এ সময় অংশগ্রহণকারীরা আইনি সহায়তা কার্যক্রম আরও বেগবান করতে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী ও বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।