রবিবার, জুন ২১, ২০২৬

ঈশ্বরদী পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নগর উন্নয়ন কমিটির সদস্যদের কর্মশালা অনুষ্ঠিত

ঈশ্বরদী প্রতিনিধি ১২ মে ২০২৬ ১০:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ১২ মে ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
ঈশ্বরদী পৌরসভার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে নগর উন্নয়ন কমিটির সদস্যদের কর্মশালা অনুষ্ঠিত

পাবনার ঈশ্বরদী পৌরসভায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা (সিডিপি) এর আওতায় ‘ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান্ট’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব ব্যাংক এর সহায়তায় এবং এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন রিজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি) এর আওতায় ঈশ্বরদী পৌরসভার সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে ঈশ্বরদী পৌরসভা। কর্মশালায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব। 


এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র পরিবেশবিদ ও ভারপ্রাপ্ত টিম লিডার আহসান ইমাম, সহকারি প্রকৌশলী মো. মোশাররফ হোসেন, নগর পরিকল্পনাবিদ তামান্না সালাম, সামাজিক ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এমটিএস মেহমুদ, হাসিবুল হক, পরিবেশবিদ মাহমুদা খাতুন। কর্মশালারসমন্বয় করেন ঈশ্বরদী পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম।  


ঈশ্বরদী পৌরসভার প্রকৌশল বিভাগের সহকারি প্রকৌশলী প্রবীর কুমার বিশ্বাস, হিসাব রক্ষণ কর্মকর্তা তাইবুর রহমান, পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)’র সদস্যবৃন্দ এ কর্মশালায় অংশগ্রহণ করেন। 


কর্মশালায় দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভাগুলোকে উত্তর-পশ্চিম অঞ্চলের পৌরসভার সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলা এ প্রকল্পের মূল উদ্দেশ্য বলে জানানো হয়। প্রথম পর্যায়ে প্রকল্পটি ৮১টি পৌরসভা এবং ৬টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের ৩৬টি জেলাকে অন্তর্ভুক্ত করছে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রায় দুই দশমিক ১ কোটি মানুষ উপকৃত হবেন, যার অর্ধেকই নারী।


কর্মশালায় জানানো হয়, প্রকল্পের আওতায় রাস্তা ও ফুটপাত, সড়কবাতি উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, বাজার ও বাসটার্মিনাল উন্নয়ন, বর্জ ডাম্পিং স্টেশন, সুপারমার্কেট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ, পৌরভবন নির্মাণসহ আধুনিক নগর সেবার বিভিন্ন দিক উন্নয়ন করা হবে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্প সামাজিক ও পরিবেশেগত দিক বিবেচনা করে এবং নারীর অংশগ্রহণ নিশ্চিত করে পরিচালিত হবে।