বগুড়া গাবতলির সাবেক উপজেলা চেয়ারম্যান সিটন গ্রেপ্তার
বগুড়ার গাবতলী উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি রায় সিটনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১২ মে) সকাল ১১টার দিকে তাঁকে বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
গ্রেপ্তার হওয়া অরুণ কান্তি রায় সিটন গাবতলী উপজেলার তেলিহাটা গ্রামের বাসিন্দা। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য এবং গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার ওসি ইকবাল বাহার বলেন, অরুণ কান্তি রায় সিটনের বিরুদ্ধে জুলাই-আগস্টের হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। এসব মামলায় তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।