রবিবার, জুন ২১, ২০২৬

রামেবি ও সড়ক উন্নয়নে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেলেন ১২ মালিক

নিজস্ব প্রতিবেদক ১৩ মে ২০২৬ ০২:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৩ মে ২০২৬ ০২:১২ অপরাহ্ন
রামেবি ও সড়ক উন্নয়নে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেলেন ১২ মালিক

রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন ও সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য অধিগৃহীত জমির ক্ষতিপূরণ হিসেবে ১২ জন ভূমি মালিকের মাঝে চেক বিতরণ করেছে জেলা প্রশাসন। বুধবার (১৩ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব চেক হস্তান্তর করা হয়। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী জোনের অধীন সড়ক বিভাগাধীন ‘বানেশ্বর-ঈশ্বরদী জেলা মহাসড়ককে আঞ্চলিক মহাসড়কে উন্নীতকরণ’ প্রকল্প এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায় অধিগৃহীত জমির বিপরীতে এ ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। এতে মোট এক কোটি ২৩ লাখ ৯৮ হাজার ৮৯১ টাকার চেক ১২ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের হাতে তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, রাজশাহীতে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে, যা অঞ্চলের মানুষের জন্য একটি বড় অর্জন হবে। উন্নয়নমূলক এই কাজ বাস্তবায়নে ভূমি মালিকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সরকার তাদের জমির বাজারমূল্যের প্রায় তিনগুণ হারে ক্ষতিপূরণ প্রদান করছে বলেও তিনি উল্লেখ করেন।


তিনি আরও বলেন, ক্ষতিপূরণের অর্থ দ্রুততম সময়ের মধ্যে ভূমি মালিকদের হাতে পৌঁছে দিতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে আইনি জটিলতা থাকলেও তা সমাধান করে পর্যায়ক্রমে চেক বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে যেন কোনো নাগরিক অযথা ভোগান্তির শিকার না হন, সে বিষয়েও জেলা প্রশাসন সচেতন থাকবে।


অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা অভিজিৎ সরকারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চেক গ্রহণের পর ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে স্বস্তি ও সন্তোষের ভাব লক্ষ্য করা যায়। দীর্ঘদিনের অপেক্ষার পর ক্ষতিপূরণের অর্থ হাতে পেয়ে তারা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পগুলোর সফল বাস্তবায়ন কামনা করেন।