রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বগুড়ায় রুহুল আইটির প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ

বগুড়া প্রতিনিধি ১৩ মে ২০২৬ ০২:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ১৩ মে ২০২৬ ০২:৪৫ অপরাহ্ন
বগুড়ায় রুহুল আইটির প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ

বিশ্বব্যাংকের অর্থায়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এ্যাসেট প্রজেক্টের  আওতায় পরিচালিত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ ধারাবাহিকতায় বগুড়ার শেরপুর উপজেলায় তথ্যপ্রযুক্তিভিত্তিক দক্ষতা উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠান  রুহুল আইটি’র আয়োজনে ২০২৬ সালের এ্যাসেট প্রথম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সম্পন্ন হয়।   


এ উপলক্ষে বুধবার (১৩ মে) শেরপুর উপজেলার দুবলাগাড়ি এলাকায় রুহুল আইটির নিজস্ব কার্যালয়ে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান, ভাতা বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠান স্থল উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের  পুনর্মিলনীতে পরিণত হয়েছে।


রুহুল আইটির প্রতিষ্ঠাতা পরিচালক রুহুল আমিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার  মো. সাইদুজ্জামান হিমু।


এ সময় উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন, দেশের বেকারত্ব দূরীকরণে ফ্রিল্যান্সিং অত্যন্ত সম্ভাবনাময় একটি ক্ষেত্র। দীর্ঘদিন পড়াশোনা করে যেমন চাকরি পাওয়া যায়, তেমনি ধৈর্য ধরে দক্ষতা অর্জন করতে পারলে অনলাইনেও সম্মানজনক আয় করা সম্ভব।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খতিব মো. আব্দুল আউয়াল শেরপুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. এজাজ উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন মসজিদের ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


জানা যায়, প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত চূড়ান্ত পরীক্ষায় ৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে সফলভাবে উত্তীর্ণ ৬১ জন শিক্ষার্থীর হাতে সার্টিফিকেট, ব্যাগ এবং সম্মানী তুলে দেওয়া হয়। প্রশিক্ষণার্থীদের মধ্যে বিভিন্নজনকে ১০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হয়েছে।


আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও সম্মানীর ব্যবস্থা থাকবে।এছাড়া প্রশিক্ষণ শেষে যারা ইতোমধ্যে চাকরিতে যোগদান করেছেন, তাদের মোট আয়ের ২০ শতাংশ প্রণোদনা দেওয়ার পরিকল্পনার কথাও অনুষ্ঠানে জানানো হয়।


অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।