চাঁপাইয়ে এক হাজার ৭৬৩ কৃষকের নামে থাকা ঋণ মওকুফের প্রস্তাব
চাঁপাইনবাবগঞ্জের এক হাজার ৭৬৩ কৃষকের নামে থাকা অনধিক ১০ হাজার টাকার ঋণ মওকুফের প্রস্তাব পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতির পর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে ঋণ গ্রহীতা কৃষকের তালিকা পাঠানো হয়।
বুধবার (১৩ মে) জেলা তথ্য অফিস থেকে এ তথ্য জানানো হয়। এর আগে তথ্য অফিস সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে ।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই প্রেস বিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী, জেলা তথ্য কর্মকর্তা রূপ কুমার বর্মনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃদ।
প্রেস বিফিংয়ে বর্তমান সরকারের গৃহীত ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন, বৃক্ষরোপন কর্মসূচিসহ নানান উদ্যোগ ও উন্নয়ন প্রকল্পের তথ্য তুলে ধরা হয়। এছাড়া এ সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা তথ্য অফিসের বাস্তবায়িত কর্যক্রমের তথ্য উপস্থাপন করা হয়।
এ সময় জানানো হয়, বর্তমান সরকার শপথ গ্রহণের পরই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেয়। এ সুবিধার আওতায় সারাদেশে শষ্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ঋণ নেয়া ১২ লাখ কৃষকের ১৫৫০ কোটি টাকার ঋণ মওকুফ করা হবে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৭৬৩ কৃষক রয়েছেন। এ কৃষকদের নামে ১ কোটি ৫৩ লাখ টাকা কৃষি ঋণ রয়েছে।