নবাবগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থীদের স্মার্ট ফোন নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ নিষিদ্ধ
নবাবগঞ্জ সরকারি কলেজের শ্রেণিকক্ষে স্মার্টফোন নিয়ে শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের আরও মনোযোগী করতে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১৩ মে) কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
ওই নোটিশে বলা হয়, কলেজে ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা পাঠে মনোযোগ না দিয়ে স্মার্টফোন ব্যবহার করছে। শ্রেণি শিক্ষকের অগোচরে ফোন ব্যবহারের কারণে কার্যকর পাঠদান ও শিখন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে।
শিক্ষার্থীদের ক্লাসে আরও মনোযোগী হওয়ার স্বার্থে কলেজ অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক এখন থেকে শিক্ষার্থীরা ক্লাসে কোনো ধরণের স্মার্টফোন ফোন নিয়ে আসতে পারবে না। তবে বাটন ফোন (ফিচার ফোন) নিয়ে আসতে পারবে।
নোটিশে আরও বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষকরা বিষয়টি মনিটর করবেন এবং কোনো শিক্ষার্থীর নিকট স্মার্টফোন পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এই নোটিশ কেবলমাত্র এইচএসসি তথা একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রযোজ্য হবে।